বাবার প্রতিদ্বন্দ্বী ছেলে!
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন বাবা ও ছেলে। তাঁরা হলেন বর্তমান ইউপি চেয়ারম্যান ওয়াজী উল্লাহ ভূঞা (আনারস) ও তাঁর ছেলে নেয়াজ শরীফ (টেবিল ফ্যান)। দুজনই
স্বতন্ত্র প্রার্থী।
৭ মে ভোট। এই সময়ের মধ্যে ঘোলপাশা ইউপির বিভিন্ন গ্রামে বাবা-ছেলের পোস্টার রশিতে টানানো হয়েছে। জানতে চাইলে নেয়াজ গতকাল বুধবার বলেন, ‘বাবাকে সহযোগিতা করার জন্য নির্বাচনে প্রার্থী হয়েছি।’
ওয়াজী উল্লাহ বলেন, ‘১৯৯৭ সালের ৩১ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত টানা তিনবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। একটি মহল আমার মনোনয়নপত্র বাদ দেওয়ার অপচেষ্টা করেছিল। নিজেরটা যেন বাদ না যায়, এ জন্য ছেলেকে পর্তুগাল থেকে দেশে এনে নির্বাচনে দাঁড় করিয়েছিলাম।
পরে দুজনের মনোনয়নপত্রই বৈধ বলে বিবেচিত হয়। প্রতীক বরাদ্দের পর দুজনই পোস্টার লাগিয়েছি। ছেলেকে এখন মাঠে রেখেছি নির্বাচনের দিন এজেন্ট বাড়ানোর জন্য।’ এই ইউপিতে চেয়ারম্যান পদে আরও তিনজন প্রার্থী রয়েছেন। তাঁরা হলেন: আওয়ামী লীগের মনোনীত মোহাম্মদ কাজী জাফর আহম্মেদ, বিএনপির আশ্রাফুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী মীর হোসেন (মোটরসাইকেল)।