বাবার প্রাণপণ লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের খালে মাছ ধরতে গিয়েছিলেন বাবা ও ছেলে। এমন সময় বাঘ এসে আক্রমণ করল ছেলেকে। হাতের কাছে হাতিয়ার বলতে ছিল তখন নৌকার বৈঠা ও লগি। বাবা-ছেলে তা নিয়েই রুখে দাঁড়ালেন বাঘের বিরুদ্ধে। শুরু হলো বাঘ ও মানুষের লড়াই। একপর্যায়ে ছেলেকে ধরে বনের ভেতর নিয়ে যায় বাঘ। বাঘের আক্রমণে ছেলে সাইফুল গাজীকে (২১) হারানোর বর্ণনা এভাবেই দেন বাবা রফিক গাজী। গতকাল বুধবার দুপুরে সুন্দরবনের বাদুরঝুলি এলাকার কালীরখালে তাঁরা মাছ ধরতে গেলে এ ঘটনা ঘটে। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দাঁতনেখালি গ্রামে তাঁদের বাড়ি। রফিক গাজীর ভাষ্য, সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন থেকে মাছ ধরার অনুমতি নিয়ে গতকাল সকাল আটটার দিকে সুন্দরবনের কালাগাছি এলাকার খালে মাছ ধরতে যান তাঁরা। বাদুরঝুলি এলাকার কালীরখালে পৌঁছালে একটি বাঘ এসে সাইফুলের ওপর আক্রমণ করে। এ সময় সাইফুল নৌকার বৈঠা দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা চালান। তিনিও তখন লগি নিয়ে বাঘের সঙ্গে লড়াইয়ে নামেন। প্রায় ২০ মিনিট ধরে লড়াই চলার পর বাঘটি সাইফুলকে কামড়ে বনের গভীরে নিয়ে যায়।এ ব্যাপারে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কালাগাছি টহল ফাঁড়ির কর্মকর্তা (ফরেস্টার) কামাল হোসেন জানান, স্থানীয় লোকজনের সহযোগিতায় সাইফুলের লাশ গতকাল বিকেল পাঁচটার দিকে বনের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।