বাবার বকুনি খেয়ে শিশুরা সাভার থেকে রাজশাহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষা খারাপ হওয়ায় বকেছেন বাবা। তাই মন খারাপ রোকেয়ার। কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলল, এখানে আর নয়, চলে যাবে দাদাবাড়ি। সঙ্গে যাবে কে? জুটে গেলে বাবার বকুনিতে মন খারাপ হওয়া আরেকজন, বান্ধবী উম্মে কুলসুম। ব্যস, দুজনে সাভার থেকে রওনা হলো রাজশাহীর পথে।
পঞ্চম শ্রেণীর ছাত্রী রোকেয়া ইয়াসমিন ও উম্মে কুলসুমের গতকাল সোমবারের এ অভিযানে বাদ সাধে পুলিশ। বাসটি তাদের নিয়ে রাজশাহীর বানেশ্বরে গেলে পুলিশ দুজনকে উদ্ধার করে। উম্মে কুলসুম অসুস্থ থাকায় গতকাল সোমবার রাতেই তাদের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে আজ মঙ্গলবার দুই শিশুর স্বজনেরা পুঠিয়া থানায় যান।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বলেন, ‘ঢাকা থেকে রাজশাহীগামী দেশ ট্রাভেলসে ওই দুই শিশু আসছিল। সন্দেহ হলে বাসের এক যাত্রী বিষয়টি পুঠিয়ার বানেশ্বর হাইওয়ে পুলিশকে জানান। গতকাল রাত আটটার দিকে পুলিশ তাদের বাস থেকে উদ্ধার করে। এদের মধ্যে উম্মে কুলসুম বমি করে অসুস্থ হয়ে পড়ে। উদ্ধারের পর তাদের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তারা দুজনেই স্কুলের পোশাক পরা ছিল। তাদের ব্যাগে বই ছিল। এ ছাড়া আরও এক সেট করে পোশাক ছিল। খবর পেয়ে হাসপাতালে তাদের দেখতে যান পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার ফরহাদ আহম্মেদ।
দুই শিশুই সাভারের ক্রিয়েটিভ মডেল একাডেমি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী। একজনের নাম রোকেয়া ইয়াসমিন ওরফে মিষ্টি (১৩)। তার বাবার নাম হযরত আলী। তিনি সপরিবারে সাভারে থাকেন। রাজমিস্ত্রির কাজ করেন। তার পৈতৃক বাড়ি রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌর এলাকায়।
আরেক শিশুর নাম উম্মে কুলসুম ওরফে বৈশাখী (১২)। বাবার নাম আক্তার আলী। তিনি সাভারে ব্যবসা করেন। তার বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলায়।
পুঠিয়া থানায় রোকেয়া ইয়াসমিন বলে, বাবার বকার কারণে মন খারাপ হয়ে গেলে সে তার বান্ধবীকে সঙ্গে করে পালিয়ে দাদার বাড়ি তানোরে চলে আসার পরিকল্পনা করে। এরপর তারা টিকিট কেটে রাজশাহীর বাসে ওঠে।
আজ মঙ্গলবার সকালে শিশুদের হাসপাতাল থেকে পুঠিয়া থানায় নিয়ে যাওয়া হয়। উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক বলেন, দুই শিশুর কাছ থেকে তাদের বাবার মুঠোফোন নম্বর নিয়ে যোগাযোগ করা হলে দুজনের বাবাসহ পরিবারের লোকজন সকালেই থানায় চলে আসেন।
আবদুর রাজ্জাক বলেন, তাদের বাবাদের থানায় আসতে দেখে দুই শিশু খুব ভয় পাচ্ছে। তিনি জানান, দুই শিশুকে তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
থানায় রোকেয়ার বাবা হযরত আলী বলেন, মেয়ের পরীক্ষা খারাপ হওয়ার কারণে তিনি বকা দিয়েছিলেন। খাতা দেখতে চেয়েছিলেন। পরে তার আর খোঁজ পাওয়া যায়নি।