বাবার বাড়ির লোকদের হুমকিতে মেয়ের স্কুলে যাওয়া বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবার বিরুদ্ধে খোরপোষের মামলা করেছেন মা। মাঝখানে বাবার নিকটজনদের হুমকিতে স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে মেয়ের। পিরোজপুরের মঠবাড়িয়া শহরের হাতেম আলী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী সে। মঠবাড়িয়া সদর ইউনিয়নের দক্ষিণ মিঠাখালী গ্রামে নানার বাড়িতে জন্ম তার। জন্মের পর থেকে এখানেই রয়েছে সে। লেখাপড়া করছে এখান থেকেই।মেয়ের নানা আলী আকবর জানান, ১৯৯৪ সালে পাশের বেতমোড় রাজপাড়া ইউনিয়নে আ. আজিজের ছেলে কামালের সঙ্গে তাঁর প্রতিবন্ধী মেয়ে বিউটির বিয়ে দেন। আলী আকবরের দাবি, কামাল ছিলেন অসচ্ছল আর তিনি তাঁর শারীরিক প্রতিবন্ধী মেয়েকে পছন্দ করেই বিয়ে করেন। বিয়ের পর থেকে জামাতা তাঁর বাড়িতেই থাকতেন।আলী আকবর বলেন, ‘১৯৯৯ সালের শেষের দিকে কামাল আমার কাছে বিদেশে যাওয়ার জন্য টাকা চান। মেয়ের শান্তির কথা চিন্তা করে আমি জমি বিক্রি করে কামালকে বিদেশে যাওয়ার জন্য তিন লাখ টাকা দিই। ২০০০ সালের প্রথম দিকে কামাল বিদেশে যান। তিন বছর পর দেশে আসেন এবং ছুটির চার মাস আমাদের বাড়িতেই থাকেন। আবার তাঁর কর্মস্থল সৌদি আরবে চলে যান। এরপর তিনি যোগাযোগ বন্ধ করে দেন। দুই মাস (চলতি বছরের মে মাসের প্রথম দিকে) আগে কামাল দেশে আসেন। লোকজনের কাছে এ খবর জানতে পাই।’স্কুলপড়ুয়া মেয়েটি জানায়, বাবা দেশে আসার পর একদিন আমাকে খবর দিয়ে বাড়িতে নেয় এবং আমাকে বলে, তুই এখানে থাক। এরপর মায়ের আসার বিষয়ে বললে বাবা আমাকে বলে, ‘তুমি এখানে থাকতে পারবে, তোমার মা এখানে আসতে পারবে না।’ এ কথা শোনার পর আমি নানার বাড়িতে চলে আসি।বিউটি বেগম জানান, ‘১৬ বছরের বিবাহিত জীবনে বড়জোর ২০ দিন স্বামীর বাড়ির ভাত কপালে জুটেছে। স্বামী বিদেশে যাওয়ার পরে মনে অনেক আনন্দ লাগছিল। কিন্তু বিদেশে থাকাকালে বা বিদেশ থেকে ফেরার পরে মেয়ে বা আমার জন্য সে একটি কানাকড়িও পাঠায়নি বা আনেনি। নিরুপায় হয়ে মনে অনেক কষ্ট নিয়ে স্বামীর বিরুদ্ধে আদালতে যৌতুক এবং আমার ও সন্তানের ভরণপোষণের জন্য মামলা দায়ের করেছি।’ কামাল এখন কারাগারে।স্কুলপড়ুয়া মেয়েটি বলে, ‘বাবার নিকটজনেরা আমার মায়ের শারীরিক প্রতিবন্ধিত্বকে ব্যঙ্গ করে। হুমকি দিয়ে মায়ের মামলা তুলে নিতে বলে। তাদের হুমকিতে এখন আমার স্কুলে যাওয়াও বন্ধ। এ ঘটনায় আমি গত ১০ জুলাই মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি।’ নানা আলী আকবর বলেন, ‘মামলা প্রত্যাহারের জন্য আমাকে বিভিন্ন প্রকার হুমকি দিলে আমিও জিডি করি।’ মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) আ. মান্নান জানান, ‘জিডি করার পর আমি বিষয়টি তদন্ত করেছি এবং নিরাপদে স্কুলে যাওয়ার ব্যাপারে ব্যবস্থা নিয়েছি।’কামালের বোন মাজেদার ফোনে যোগাযোগ করা হলে, মনির হোসেন নামে এক প্রতিবেশী ধরে বলেন, কামালের বিরুদ্ধে সব অভিযোগ সঠিক নয়। আমরা তাঁর জামিনের জন্য চেষ্টা করছি। এ কারণে নানা অভিযোগ তোলা হচ্ছে।