বাবার মামলা, সূত্র খুঁজে পাচ্ছে না পুলিশও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই বোনকে গলা কেটে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে জামালপুর সদর উপজেলার রহিমা কাজেম উদ্দিন বালিকা উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষ পুগলয় এলাকায় মানববন্ধনের আয়োজন করে l ছবি: প্রথম আলো
দুই বোনকে গলা কেটে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে জামালপুর সদর উপজেলার রহিমা কাজেম উদ্দিন বালিকা উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষ পুগলয় এলাকায় মানববন্ধনের আয়োজন করে l ছবি: প্রথম আলো

জামালপুরে শিশু দুই বোনকে খুনের ঘটনায় তাদের বাবা গতকাল বৃহস্পতিবার থানায় মামলা করেছেন। পুলিশ গতকাল পর্যন্ত এ খুনের ঘটনার কোনো সূত্র খুঁজে পায়নি। তবে সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করে গতকাল কারাগারে পাঠানো হয়েছে।
জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের দেউলিয়াবাড়ি গ্রামে নিজ বাড়ি থেকে বুধবার সকালে ভাবনা খাতুন (১৩) ও নুরুন্নাহার লুবনার (১০) গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও পরিবার সূত্র জানায়, খবর পেয়ে গতকাল সকালে নিহত দুই শিশুর বাবা মো. শামীম হোসেন সৌদি আরব থেকে বাড়িতে আসেন। তিনি দুপুরে সদর থানায় যান। পুলিশ হত্যাকাণ্ড সম্পর্কে তাঁর বক্তব্য শোনে। তবে শামীম কাউকেই সন্দেহ করতে পারছেন না। ফলে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে তিনি হত্যা মামলা করেন।
শামীম হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমাকে বাড়িতে জরুরি প্রয়োজনে আসার জন্য খবর দেন স্বজনেরা। আজ (বৃহস্পতিবার) সকালে গ্রামে এসে আমার নিষ্পাপ দুই মেয়ের খুন হওয়ার কথা শুনতে পাই। ঘটনা যা-ই হোক না, তাদের কী দোষ ছিল? খুনিরা আমার সব জমিজমা, টাকাপয়সা নিয়ে যেত। মেয়ে দুটোকে রেখে যেত।’
জামালপুর সদর থানা-পুলিশ এ মামলায় সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। পুলিশ বুধবার বিকেলে মামলার বাদী শামীমের চাচা ওয়ারেছ আলী, চাচাতো ভাই মো. বিলাস মিয়া ও শামীমের স্ত্রী তাসলিমাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছিল। তাসলিমাকে গতকাল ছেড়ে দেওয়া হয়। তবে কথাবার্তায় অসংগতি থাকায় ওয়ারেছ ও বিলাসকে গতকাল আদালতে পাঠায় পুলিশ।
পুলিশ হত্যাকাণ্ডের ঘটনাটিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে। তিন সদস্যের এ কমিটির প্রধান করা হয়েছে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নূরে আলমকে।
গতকাল বেলা তিনটার দিকে জামালপুরের আরেক অতিরিক্ত পুলিশ সুপার রওনক জাহান নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন, এটি একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। পুরো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে। হত্যাকারীদের ধরতে মাঠে একাধিক দল কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করা হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বিক্ষোভ
দুই বোন হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল তিতপল্লা ইউনিয়নের পুগলয় এলাকায় মানববন্ধন করে রহিমা কাজেম উদ্দিন বালিকা উচ্চবিদ্যালয় ও সোনার বাংলা উচ্চবিদ্যালয়ের আট শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী।