বাবার মুখে উদ্বেগের ছায়া
>করোনাভাইরাস পাল্টে দিয়েছে সবার জীবনের বাস্তবতা। আমরা এখানে শুনছি পাঠকের দৈনন্দিন অভিজ্ঞতার কথা। তাঁরা লিখছেন পরিবারের আনন্দ-বেদনাভরা গল্প। শোনাচ্ছেন এ সময়ের কোনো মানবিক সাফল্যের কাহিনি। প্রথম আলো মানুষের সঙ্গে ভাগ করে নিচ্ছে পাঠকের গল্প। দেশ বা প্রবাস থেকে আপনিও লিখুন আপনার অভিজ্ঞতার কথা। পাঠকের আরও লেখা দেখুন প্রথম আলো অনলাইনে। লেখা পাঠানোর ঠিকানা: dp@prothomalo. com

চিকিৎসক, নার্স, স্বেচ্ছাসেবী আর সাধারণ মানুষের চতুরঙ্গ বাহিনী নিয়ে বিশ্বের প্রায় সব দেশ আজ যুদ্ধে নেমেছে। এই যুদ্ধে সাধারণ মানুষের দলভুক্ত হিসেবে আমার দায়িত্ব একটাই —ঘরে থাকা। শুনতে বেশ সহজ। কিন্তু প্রায় এক মাস ধরে নিজেকে কয়েক ফুট জায়গার মধ্যে অবরুদ্ধ রাখতে গিয়ে টের পাচ্ছি দায়িত্বটা অনেক কঠিন। মানুষের শরীরে ২০৬টা হাড়, জায়গায় জায়গায় সন্ধি আর পেশি। গঠনই বলে দেয় আমাদের সৃষ্টি হয়েছে চলাচলের জন্য, ঠায় ঘরে বসে থাকার জন্য নয়।
প্রতিদিন সকালে উঠে ভাবি, ঘরে বসেও তো অনেক কাজ করা যায়। ইন্টারনেটে সংযুক্ত হয়ে কত কিছু শেখা যায়। ‘ফ্রি হ্যান্ড’ ব্যায়াম করলেও তো শরীরটা ঝরঝরে থাকে। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যেন অপ্রত্যাশিত বোমার আঘাতে ঝিমিয়ে পড়ি। দেশ-বিদেশে ক্রমবর্ধমান সংক্রমণ আর মৃত্যুর খবর অন্য সবার মতো আমাকেও ব্যথিত করে। শামুকের মতো স্থবিরতায় কাটে বাকি দিনটা।
আমার মতো এসব চিন্তা করার সুযোগ নেই আমার বাবার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে অনাগত ভবিষ্যতের দুশ্চিন্তা তাঁর চোখেমুখে প্রকট হয়ে থাকে। ঠিক কী বলে বাবাকে আশ্বস্ত করব, খুঁজে পাই না। বাবার ব্যবসা আপাতত বন্ধ। সারা দিন কর্মব্যস্ত থাকা মানুষটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না এই আটকাবস্থা। বাবা মসজিদের নিয়মিত মুসল্লি। কিন্তু এখন মসজিদেও যান না তিনি। সবাই মিলে জামাত করে ঘরের ভেতরেই নামাজটা সেরে নিই। হাত তুলে মোনাজাত করার সময় অদ্ভুত একটা শক্তি চলে আসে মনের ভেতরে।
অ্যাম্বুলেন্স কিংবা পুলিশের গাড়ির শব্দ পেলে সবাই জানালা দিয়ে উঁকি দিই। তবে নিখাদ কৌতূহলের বশে নয়, আতঙ্কিত হয়ে। এই বুঝি আমাদের পাড়াতেও রোগটা ছড়াল!
করোনাকে কোনো দিন দেখিনি। প্রতীকী ছবিগুলোতে ওকে দেখতে অনেকটা কদম ফুলের মতো লাগে। কদম আমার ভীষণ প্রিয়। কিন্তু কদমের তো এরূপ প্রাণঘাতী ভূমিকা থাকে না।
এই যে আমার চেনা সংসারটা লন্ডভন্ড হয়ে যাচ্ছে তার জন্য কি করোনাকে দোষী বলা যায়? ভাইরাস তো প্রকৃতির একটা নিয়ামক মাত্র। ভাইরাসের বিরুদ্ধে এই লড়াইয়ে তারাই জয়ী হবে, যারা যোগ্যতম। আর অযোগ্যরা হারিয়ে যাবে, এটাই নিয়ম। সামষ্টিকভাবে সেই যোগ্যতা আমাদের আছে কি না, জানি না। তবুও আমি আশায় বাঁধি বুক-আমাদের ঘর আবারও কলহাস্যে মুখরিত হবে, শহর সচকিত হবে ট্রাফিকের কোলাহলে।
*লেখক: এইচএসসি পরীক্ষার্থী। [email protected]