বাবার মৃত্যু দেখে বাকরুদ্ধ শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় নেবুয়া বর্মণ (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন৷ গতকাল সোমবার সকালে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বীরগঞ্জ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷ একই দিন রাজশাহী নগরের শালবন এলাকায় বাসের চাপায় আনিসার রহমান (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন৷
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে বীরগঞ্জ মোড় এলাকায় রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেল নেবুয়া বর্মণকে ধাক্কা দেয়৷ গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান৷ সেখানে বেলা ১১টার দিকে তাঁর মৃত্যু হয়৷ তাঁর বাড়ি ওই ইউনিয়নের বৈরবাড়ী গ্রামে৷
বাগমারা উপজেলার ভটখালী গ্রাম থেকে অসুস্থ মেয়েশিশুকে নিয়ে চিকিৎসার জন্য রাজশাহীতে এসেছিলেন তার বাবা আনিসার রহমান (৪৫)৷ চিকিৎসা শেষে গতকাল সকালে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়িতে ফিরছিলেন তারা৷ নগরের শালবাগান এলাকায় পৌঁছালে অটোরিকশাটিকে একটি বাস সামনে থেকে চাপা দেয়৷ ঘটনাস্থলেই আনিসার রহমান মারা যান৷ তবে শিশুটি বেঁচে যায়৷
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি অনেকক্ষণ কোনো কথা বলতে পারেনি৷ এই অবস্থায় স্থানীয় লোকজন তাকে একটি বাড়িতে নিয়ে যান৷ পরে সে জানায়, তার নাম আতিয়া জাহান৷ বাড়ি বাগমারার ভটখালী গ্রামে৷ ওই দুর্ঘটনায় অটোরিকশাটির আরও দুজন যাত্রী আহত হন৷ তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
বোয়ালিয়া মডেল থানার উপপরিদর্শক শরীফুল ইসলাম বলেন, মোহনা পরিবহনের এই বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে৷ শিশুটিকে তাদের এক আত্মীয়ের মাধ্যমে পরিবারের কাছে পাঠানো হয়েছে৷
তারাগঞ্জে নিহতের সংখ্যা দাঁড়াল তিনজনে: আমাদের তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি জানান, সেতুর রেলিং ভেঙে বাস নদীতে পড়ার ২০ ঘণ্টা পর খাদিজা বেগম (২০) নামের এক নারীর লাশ গতকাল যমুনেশ্বরী নদী থেকে উদ্ধার করা হয়েছে৷ বেলা বিকেল সাড়ে তিনটার দিকে বারাতি সেতুর ৩০ গজ দূরে তাঁর লাশ পায় পুলিশ৷ খাদিজা পঞ্চগড় সদর উপজেলার কমলাপাড়া গ্রামের ওয়াজেদ আলীর স্ত্রী৷
গত রোববার রাত আটটার দিকে রংপুর-সৈয়দপুর সড়কের তারাগঞ্জে বারাতি সেতুর রেলিং ভেঙে বাবুল পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস যমুনেশ্বরী নদীতে পড়ে যায়৷ ওই ঘটনায় ৪০ জন যাত্রী আহত হন৷ পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান৷