বাবার মৃত্যুতেও ছুটি না পেয়ে...
নেত্রকোনার কেন্দুয়ায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রভাষকের বাবার মৃত্যুতে অধ্যক্ষ ছুটি মঞ্জুর না করায় মারধর ও হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ নিয়ে পরে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে ১৫ জন আহত হয়। গত বুধবার উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
পুলিশ ও মাদ্রাসাসূত্রের বিবরণ অনুযায়ী, উপজেলার রোয়াইলবাড়ী ফাজিল মাদ্রাসার প্রভাষক সিদ্দিকুর রহমানের বাবার মৃত্যুতে তিনি দুই দিনের ছুটির জন্য গতকাল অধ্যক্ষ আবদুল খালেকের কাছে আবেদন করেন। অধ্যক্ষ আবেদন গ্রহণ না করে উল্টো ওই শিক্ষকের ওপর চড়াও হয়ে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এতে ঘটনাস্থলেই সিদ্দিকুর সংজ্ঞা হারিয়ে ফেলেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে সুস্থ করে তোলা হয়। এতে ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী মিলে অধ্যক্ষকে মারধর করে। এ সময় শিক্ষক মিলনায়তনে ভাঙচুরের ঘটনাও ঘটে। আহত অধ্যক্ষকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনা জানতে পেরে সিদ্দিকুরের গ্রামের বাড়ি রাজনগর ও অধ্যক্ষের রোয়াইলবাড়ী গ্রামের বাসিন্দারা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়। নেত্রকোনা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ইউপি চেয়ারম্যান মো. আনিছুর রহমান বলেন, সংঘর্ষের ঘটনা সামাজিকভাবে নিষ্পত্তি হওয়ায় সবাই সন্তোষ প্রকাশ করেছেন। তবে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সংঘটিত অপ্রীতিকর ঘটনা নিয়ে পরে বৈঠক হবে।