বাবার শ্রাদ্ধে টাকার শ্রাদ্ধ
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরার বাবার শ্রাদ্ধ অনুষ্ঠান। এ উপলক্ষে গতকাল বুধবার ‘রাজকীয়’ এক ভোজের আয়োজন করা হয়। ১৫ হাজার মানুষকে খাওয়াতে ৩০ লাখ টাকা ব্যয়ে ওই ভূরিভোজের আয়োজনটি ছিল দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এ জন্য দুই দিন আগে থেকে শিক্ষাপ্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়। শুধু তাই নয়, ভোজে যোগ দিতে শিক্ষকেরা দীঘিনালার সব স্কুল গতকাল একযোগে অর্ধদিবস ছুটি দিয়ে দেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের হাত ধোয়ার ব্যবস্থা করতেই জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর খরচ করেছে দেড় লাখ টাকা। জানা গেছে, কুজেন্দ্র লাল ত্রিপুরা খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহসভাপতি। তাঁর বাবা হরি কুমার ত্রিপুরার শ্রাদ্ধতে গতকাল তিন পার্বত্য জেলার প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা যোগ দেন। গাড়ি পার্কিং ও আমন্ত্রিত অতিথিদের আয়োজনস্থলে প্রবেশের সুবিধার্থে নিয়োজিত করা হয় ট্রাফিক পুলিশ। অতিথিদের গলদা চিংড়ি ও রুই মাছ, ডাল ও সবজি দিয়ে আপ্যায়ন করা হয়। অনুষ্ঠানে হাত ধোয়ার সুবিধার্থে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দেড় লাখ টাকা ব্যয়ে ছয়টি গাজী ট্যাংক ও চারটি ইলেকট্রিক মোটর স্থাপন করে। অনুষ্ঠানে ১৫ হাজার মানুষের ভোজের আয়োজন করা হয় এবং প্রায় ৩০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে। অতিথিদের খাওয়াতে সাতক্ষীরা থেকে আনা হয়েছে ৮৫০ কেজি গলদা চিংড়ি ও দেড় টন রুই মাছ। গতকাল সরেজমিনে শ্রাদ্ধ অনুষ্ঠানে দেখা গেছে, দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের অংশটি লোকে লোকারণ্য। রাস্তায় যান চলাচল ও লোকের চাপ কমাতে দায়িত্ব পালন করছেন একজন ট্রাফিক পুলিশ। স্কুলের ফটকে আরেকজনকে দেখা গেল। তিনি বিদ্যালয়ের মাঠে অতিথিদের গাড়ি পার্কিংয়ের দায়িত্বে নিয়োজিত। মাঠের ভেতরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ‘ভিআইপি’ অতিথিদের গাড়ি। জানা গেছে, ভোজ উপলক্ষে দীঘিনালার ৫৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, দুটি কমিউনিটি বিদ্যালয়, ১৪টি উচ্চ ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে গতকাল দুপুর ১২টা থেকে ছুটি দিয়ে দেওয়া হয়। দুপুর ১২টায় উপজেলার কবাখালী, মধ্য বোয়ালখালী, কালাচাঁদ মহাজনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর কবাখালী রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়গুলো ঘুরে সেগুলো বন্ধ পাওয়া গেছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মংগ্রী মগ দুপুর ১২টায় স্কুল ছুটি দেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘অর্ধদিবস ছুটি দেওয়ার ব্যাপারে আমি কোনো নির্দেশ দিইনি। শিক্ষকদের চেয়ারম্যান স্যার দাওয়াত দিয়েছেন। তাই তাঁরা দাওয়াত খেতে গেছেন।’ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আজিম শরিফ বলেন, ‘উচ্চবিদ্যালয়গুলো অর্ধদিবস ছুটি দেওয়ার বিষয়ে আমি কিছুই জানি না। খোঁজ নিয়ে দেখছি।’ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম সরকার বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পানির ব্যবস্থা করতে বলেছে। তাই যা যা দরকার করেছি। এ পর্যন্ত দেড় লাখ টাকা ব্যয় হয়েছে। তবে ওই টাকা কে দেবে, এখনো বলতে পারছি না।’এ ব্যাপারে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। তবে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান তরফদার প্রথম আলোকে বলেন, অতিথিদের হাত ধোয়ার পেছনে যে খরচ হয়েছে তা চেয়ারম্যানের ব্যক্তিগত টাকা। আর স্কুল বন্ধের বিষয়টি তিনি জানেন না। প্রসঙ্গত, চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরার বাবা হরি কুমার ত্রিপুরা মহাজন (৯৪) গত ২৮ জানুয়ারি বার্ধক্যজনিত কারণে মারা যান। তাঁর মৃত্যুতে কয়েক দিন ধরে দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ চেয়ারম্যানের বাসভবনে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।