বাবার সঙ্গে কক্সবাজারে বেড়ানোর স্মৃতিচারণা করলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ফাইল ছবি

কক্সবাজার বিমানবন্দরে রানওয়ে সম্প্রসারণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাবা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে এখানে বেড়ানোর স্মৃতিচারণা করেন। আজ রোববার সকালে গণভবন থেকে ভার্চ্যুয়াল সভায় তিনি ছোটবেলার স্মৃতি তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘কক্সবাজারের প্রতি বঙ্গবন্ধুর আলাদা টান ছিল। প্রতিবছর শীতকালে তিনি আমাদের নিয়ে যেতেন। তাঁর সঙ্গে আমরা একবার উখিয়ার গহিন জঙ্গলে গিয়েছিলাম। সেখানে হাতি আসত, বাঘও ছিল। যদিও এখন সেসবের চিহ্ন নেই। কক্সবাজার সৈকতের দৃষ্টিনন্দন ঝাউবনটাও বঙ্গবন্ধুর উদ্যোগে করা। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, পৃথিবীর দীর্ঘতম বালুকাময় সৈকতকে পরিকল্পিতভাবে সাজানোর। কিন্তু পঁচাত্তরের ১৫ আগস্টের পর সেই স্বপ্ন অধরা থেকে যায়।’

কক্সবাজার নিয়ে ছোটবেলার স্মৃতিচারণা করে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু একবার তাঁদের স্পিডবোটে করে সোনাদিয়ায় নিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু তখন সমুদ্র প্রচণ্ড উত্তাল ছিল বলে সম্ভব হয়নি। পরে অবশ্য তাঁরা সোনাদিয়া, মহেশখালী, সেন্ট মার্টিন দ্বীপ ও টেকনাফ গিয়েছিলেন।

আরও পড়ুন

প্রধানমন্ত্রী বলেন, কক্সবাজার বিমানবন্দরে নামলে আগে শুঁটকির গন্ধ ভেসে আসত। কারণ, বিমানবন্দরের পাশে শুঁটকি উৎপাদনের মহাল। এখন সমুদ্রের জলভাগে দৃষ্টিনন্দন রানওয়ে তৈরি হচ্ছে, শুঁটকির গন্ধ আর পাওয়া যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে ১ হাজার ৭০০ ফুটের সম্প্রসারিত রানওয়ের নির্মাণকাজ শেষ হলে কক্সবাজার হবে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের এক আধুনিক পর্যটনকেন্দ্র।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউস গণভবনে ভার্চ্যুয়াল উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।