বাবার সঙ্গে জমি নিয়ে বিরোধের জের ধরে ছেলেকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ষষ্ঠ শ্রেণির ছাত্র রিদোয়ান ইসলামকে (১১) ছুরিকাঘাত করেছিলেন আল আমিন (২৮)। গতকাল তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ কথা বলেছেন।
এদিকে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আল আমিনের ছোট ভাই আরমানকেও (২৪) টঙ্গী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বাবা মান্নান মুন্সিকেও গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তা।
গত ৩০ জানুয়ারি যাত্রাবাড়ীর গোলাপবাগে স্কুল থেকে ফিরে রিদোয়ান তাদের বাড়ির সামনের রাস্তায় খেলছিল। এ সময় আল আমিন এসে তার পেটে ছুরিকাঘাত করেন। এতে তার ভুঁড়ি বেরিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় রিদোয়ানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় রিদোয়ানের বাবা নজরুল ইসলাম বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় আল আমিন, তাঁর বাবা মান্নান মুন্সী ও ছোট ভাই আরমানকে আসামি করা হয়। ওই দিন রাতেই আল আমিনকে গ্রেপ্তার করে টাঙ্গাইল জেলা পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের এসআই কে এম আজিজুল হক বলেন, মহানগর হাকিম মাজহারুল ইসলামের কোর্টে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আল আমিন।