বাবার সঙ্গে জামা কিনতে গিয়েছিল শিশু আকলিমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা বলেন, ‘বাজারে চলো, নতুন জামা কিনে দেব তোমাকে।’ শুনে খুব খুশি আড়াই বছরের শিশু আকলিমা। লাফাতে লাফাতে বাবার সঙ্গে বাজারে গেল সে। দিন গড়িয়ে সন্ধ্যা হলো, কিন্তু বাবা ও মেয়ের ফেরার নাম নেই। ভয়ে বুক দুরু দুরু করে ঘরে অপেক্ষায় থাকা মায়ের। কী হলো ওদের? রাত দুইটার দিকে একা ফিরে আসেন বাবা। মা জানতে চান মেয়ের কথা। বাবা বলেন, ‘ওকে পালতে দিয়েছি এক জায়গায়। সেখানে ভালো থাকবে ও।’ কিন্তু মা তা মেনে নিতে পারেন না। স্বামীকে তিনি চেপে ধরেন, যেভাবেই হোক, মেয়েকে ফিরিয়ে আনতে হবে। তিন দিন পর মেয়ে তাঁর ফিরে এল ঠিকই, কিন্তু তার ছোট্ট দেহে তখন প্রাণ নেই।শিশু আকলিমার অকালে ঝরে যাওয়ার কাহিনি এভাবেই বর্ণনা করেন তাঁর মা সায়মা বেগম। গত শনিবার বাবা দিনমজুর আকরাম হোসেনের সঙ্গে বাজারে গিয়ে আর ফিরে আসেনি শিশুটি। গত সোমবার দুই কিলোমিটার দূরে ঘৃণই নদীতে তার লাশ ভেসে ওঠে। ঘটনাটি ঘটে রংপুরের বদরগঞ্জ উপজেলার ওসমানপুর বানিয়াপাড়া গ্রামে। সায়মা বলেন, শুরুতে তিনি ভেবেছিলেন মেয়েকে কোথাও লুকিয়ে রেখে স্বামী তাঁর সঙ্গে মজা করছেন। পরদিন যখন আকরাম সত্যিই মেয়েকে আর নিয়ে এলেন না, তখন তিনি বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মমিনুল ইসলামের কাছে গিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নিতে অনুরোধ জানান। ইউপি সদস্য তাঁকে সহযোগিতা করার আশ্বাস দেন। বাড়ি ফিরে তিনি আকরামকে পাননি। সেই থেকে তাঁর কোনো খোঁজ নেই। প্রতিবেশীরা জানান, সোমবার সন্ধ্যায় ঘৃণই নদীতে একটি শিশুর লাশ ভেসে ওঠার খবর পেয়ে উতলা হয়ে ওঠেন সায়মা। রাত ১০টার দিকে সায়মা সেখানে গিয়ে মেয়ের লাশ শনাক্ত করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, লাশের সঙ্গে বাঁধা একটি চটের বস্তা পাওয়া যায়। এতে কিছু বালু ছিল। প্রতিবেশী বাদশা ওসমানী, রেজাউল হক ও মিনহাজুল ইসলাম বলেন, অভাবের কারণে সায়মার ও আকরামের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। কন্যাসন্তান জন্ম নেওয়ার বিষয়টিও আকরাম সহজভাবে নিতে পারেননি।বদরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মর্গে পাঠানো হয়। এ ঘটনায় গতকাল আকরামের বিরুদ্ধে সায়মা একটি হত্যা মামলা করেছেন। শিশুটিকে হত্যার পর লাশ গুম করতে বালুভর্তি বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে।