বাবার সঙ্গে দেখা হলো না শারিকার
মায়ের কোলে চড়ে বাবার সঙ্গে দেখা করতে যাচ্ছিল পাঁচ বছরের শারিকা। কিন্তু বাবাকে আর দেখা হলো না তার। নছিমন ও ব্যাটারিচালিত অটো বাইকের সংঘর্ষ কেড়ে নিয়েছে তার প্রাণ। আজ বৃহস্পতিবার জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত হয়েছেন শারিকার মা হাবিবা বেগমসহ (৩৬) অটো বাইকের আট যাত্রী। হাবিবাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতদের মধ্যে পাঁচজনকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আর দুজন স্থানীয় ক্লিনিক থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা দুইটার দিকে সাতপোয়া ইউনিয়নের আদ্রা মোড় থেকে যাত্রীবাহী একটি অটো বাইক উপজেলা সদরের দিকে যাচ্ছিল। অটো বাইকের পেছনের আসনে মা হাবিবার কোলে ছিল শারিকা। অটো বাইকটি সরিষাবাড়ী-আদ্রা সড়কের ছাতারিয়া পশ্চিমপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নছিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিশু শারিকাসহ মা ছিটকে পড়েন। মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায় শারিকা। আহত হয় তার মা হাবিবা ও অটোবাইকের সাত যাত্রী। বাকি আহতরা হলেন: লিয়াকত আলী, ছাহের আলী, জয়নাল আবেদীন, ছাহের আলী, আবুল কালাম, রবিউল ও সুজন। এদের মধ্যে প্রথম পাঁচজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
শারিকা তার মা-বাবার একমাত্র সন্তান। মায়ের সঙ্গে থাকত সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের সাতারিয়া গ্রামে। বাবা সেলিম মিয়া উপজেলা সদরের একটি স্কুলের সহকারী শিক্ষক। বাবা উপজেলা সদরে একটি বাসা নিয়ে থাকেন।
সেলিম মিয়া প্রথম আলোকে বলেন, তাঁর সঙ্গে দেখা করার জন্য সন্তানকে নিয়ে উপজেলা সদরে আসছিলেন যাচ্ছিলেন তাঁর স্ত্রী হাবিবা। সন্তানের মৃত্যুর খবর হাবিবা এখনো জানেন না।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল উদ্দিন প্রথম আলোকে বলেন, নছিমন ও অটো বাইকটি আটক করে থানায় আনা হয়েছে। তবে চালকেরা পালিয়ে গেছেন। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।