বাবার সঙ্গে নতুন ফ্ল্যাটে থাকা হলো না সেজানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরিয়ার সৌরভ সেজান। ছবি: সংগৃহীত
শাহরিয়ার সৌরভ সেজান। ছবি: সংগৃহীত

বছর খানেক আগে বিয়ে করেন তিনি। ঢাকার কালশী এলাকার একটি ফ্ল্যাট ভাড়া করে থাকতেন। মা-বাবার স্বাচ্ছন্দ্যের কথা ভেবে দুদিন আগে নতুন একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন তিনি। এরপর বাবাকে সেখানে নিয়ে যেতে তাঁর কত আবদার। বাবাকে আকৃষ্ট করতে ফেসবুক আইডিতে জুড়ে দিলেন ফ্ল্যাটের নানা রকম ছবি। বাবার জন্য যাঁর এত আয়োজন, সেই শাহরিয়ার সৌরভ সেজান চলে গেলেন না-ফেরার দেশে।

আজ রোববার বেলা ১১টার দিকে কালশী ফ্লাইওভার থেকে শাহরিয়ার মোটরসাইকেল চালিয়ে নামার সময় হোটেল র‌্যাডিসন ব্লুর কাছে বসুমতী নামে একটি যাত্রীবাহী বাস তাঁকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল নিয়ে তিনি পড়ে গেলে বাসটি তাঁকে চাপা দেয়। পরে পুলিশের সহায়তায় প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা গুরুতর আহত অবস্থায় শাহরিয়ারকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বিকেলে ঠাকুরগাঁও শহরের হলপাড়ায় সেজানদের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়িতে স্বজনদের আহাজারি। সেজানের বাবা আবদুস সউদ একটি ঘরে স্থির হয়ে বসে আছেন। আর যাঁকে পাচ্ছেন, মুঠোফোন থেকে ছেলের নতুন ভাড়া করা ফ্ল্যাটের ছবিগুলো দেখাচ্ছেন। আর ছেলের আবদার পূরণ করতে না পারার আফসোস করছেন।

শাহরিয়ার সৌরভ সেজানের বেড়ে ওঠা ঠাকুরগাঁও শহরের হলপাড়ায়। বাবা আবদুস সউদ ঠাকুরগাঁও সদর উপজেলার আবদুর রশিদ মহাবিদ্যালয়ের শিক্ষক। মা সেলিনা আখতার একটি বেসরকারি উন্নয়ন সংস্থার পরিচালক। এক ভাই ও বোনের মধ্যে তিনি ছিলেন বড়।

২০০৭ সালে তিনি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। সেজান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি ‘টিচ ফর বাংলাদেশ’ নামে একটি সংগঠনে ফেলোশিপ করছিলেন।

বাসচাপা দেওয়ার পর শাহরিয়ার সৌরভ সেজানকে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত
বাসচাপা দেওয়ার পর শাহরিয়ার সৌরভ সেজানকে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

গত বছরের মার্চ মাসে ঢাকার যাত্রাবাড়ী এলাকার মুনিয়া ইসলাম মজুমদারের সঙ্গে সেজানের বিয়ে হয়। চাচা ফারুক হোসেন সেজানের এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছিলেন না। তিনি বলছিলেন, ‘এটা কীভাবে মেনে নেব।’ এরপর তাঁর কণ্ঠ জড়িয়ে আসে, একসময় কাঁদতে কাঁদতে মুষড়ে পড়েন তিনি।

শাহরিয়ারের বাবা আবদুস সউদ বলেন, গত ঈদ তাঁরা (তিনি, তাঁর স্ত্রী ও মেয়ে) করেছেন ছেলের সঙ্গেই ঢাকায়। সে সময় সেজান নতুন একটি ফ্ল্যাট ভাড়া নেওয়ার ভাবনার কথা তাঁকে জানান। গত ২৯ জুন একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে পরের দিন সেখানে ওঠেন। এরপর পর সেজান সেখানে তাঁকে (সউদ) নিয়ে যেতে আবদার করতে শুরু করেন। বাবাকে আকৃষ্ট করতে সেজান একসময় সেই ফ্ল্যাটের ছবি তুলে ফেসবুকে দেন।

আবদুস সউদ বলেন, ‘ছবিগুলো দেখে ছেলের ফ্ল্যাটে একবার দেখে আসব বলে ঠিক করেছিলাম। কিন্তু এরই মধ্যে ছেলে বিদায় নিল।’ এমন কথা বলতেই যেন বাক্‌রুদ্ধ হয়ে গেল তাঁর। ফের মুঠোফোনটি বের করে ছেলে ও তাঁর নতুন ফ্ল্যাটের ছবির দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকলেন সদ্য ছেলেহারা এই বাবা।