বাবার সঙ্গে বাড়িতে ঈদ করেছে ছোট্ট তাসলিমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রাকচালক চান মিয়ার ছোট্ট মেয়েটি বায়না ধরেছিল বাবার সঙ্গে বাড়ি গিয়ে ঈদ করার। তার সেই ইচ্ছা পূরণ হয়েছে। ঈদে নতুন জামা, জুতা ও কসমেটিকস পেয়েছে সে। আগের বছরের তুলনায় এবার অনেক ভালো খাবারের আয়োজনও ছিল তাদের পরিবারে। অথচ ঈদের দুই দিন আগেও চান মিয়ার কাছে এগুলো ছিল স্বপ্নের মতো। চিকিত্সা শেষে টাকা দিতে না পারার কারণে একমাত্র মেয়েকে নিয়ে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের নজরদারিতে সেখানে দুর্বিষহ দিন পার করছিলেন তিনি। প্রথম আলোতে এ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর তাঁকে মুক্ত করতে এগিয়ে আসেন স্থানীয় সাংসদসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান। তাঁরা চান মিয়াকে মুক্ত করে বাড়ি পৌঁছে দেন।সাভার পৌর এলাকার বখতারপুর মহল্লার বাসিন্দা চান মিয়া। রাজধানীর কাঁচপুর থেকে গত ১২ জুলাই রাতে ৬০ ব্যারেল সয়াবিন নিয়ে সাভারে ফিরছিলেন। আশুলিয়া-সিঅ্যান্ডবি সড়কের আনারকলি এলাকায় ডাকাতের কবলে পড়ে পালাতে গিয়ে ট্রাক থেকে লাফিয়ে পড়লে তাঁর কোমরের হাড় ভেঙে যায়। এ সময় তাঁর আর্তচিত্কারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে ১৩ জুলাই ভোরে ভর্তি করেন সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে অস্ত্রোপচার করে তাঁর হাড় জোড়া লাগানো হয়। কিন্তু বিল পরিশোধ করতে না পারায় ছুটি দেওয়া হচ্ছিল না চান মিয়াকে। প্রায় এক লাখ টাকা বিলের বোঝা নিয়ে হাসপাতালের অর্থোপেডিকস বিভাগে ১২ বছরের একমাত্র মেয়ে তাসলিমাকে নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কড়া নজরদারিতে অনেকটা বন্দী জীবন কাটাচ্ছিলেন চান মিয়া। ছোট্ট মেয়ের বায়নার কথা মাথায় থাকলেও চান মিয়া বুঝতে পেরেছিলেন টাকা ছাড়া মুক্তি মিলবে না। অবুঝ মেয়েকে তা বোঝাতে পারছিলেন না তিনি। গত শনিবার তাঁদের এই দুর্দশার চিত্র প্রথম আলোয় প্রকাশিত হয়। এর পরই অর্থ সহায়তা নিয়ে এগিয়ে আসেন স্থানীয় সাংসদসহ সহূদয় ব্যক্তিরা। চান মিয়ার মেয়েকে ঈদের জামা, জুতা ও নানা রকমের কসমেটিকসের পাশাপাশি পরিবারটিকে কিনে দেওয়া হয় চাল, মাংস, ঘি ও সেমাই। চান মিয়াকে কিনে দেওয়া হয় ক্রাচ ও কমোড। চান মিয়াকে হাসপাতাল থেকে মুক্ত করা প্রসঙ্গে শনিবার সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদ বলেছেন, প্রথম আলোর প্রতিবেদন পড়ে চান মিয়াকে ছেড়ে দেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছিল। এর পরও কর্তৃপক্ষ টাকা নিয়ে থাকলে ওই টাকা ফেরত দেওয়া হবে।