বাবার সঙ্গে বিদ্যালয়ে সেখানেই মৃত্যু
ঈদের ছুটির পর স্কুল খুলেছে। স্বামী-স্ত্রী দুজনই বিদ্যালয়ের শিক্ষক। বাড়িতে দেখভালের মানুষ না থাকায় বাবা ছেলেকে তাঁর সঙ্গে বিদ্যালয়ে নিয়ে গেলেন। পাঠদানের সময় নজর এড়িয়ে ছেলেটি একসময় বিদ্যালয়ের পাশের পুকুরপাড়ে চলে যায়, সেখানেই সে ডুবে মারা যায়। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার ঠাকুরগাঁও সদর উপজেলার শাসলাপিয়ালা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর গ্রামের মমিনুল ইসলাম শাসলাপিয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও তাঁর স্ত্রী নার্গিস পারভীন আরাজী কৃষ্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বাড়িতে দেখভালের মানুষ না থাকায় ঈদের ছুটি শেষে গতকাল রোববার সকালে মমিনুল তাঁর সাড়ে তিন বছরের ছেলে মাহিনকে বিদ্যালয়ে নিয়ে যান। বিদ্যালয়ে পৌঁছে মাহিন মাঠে খেলতে ব্যস্ত হয়ে ওঠে। এদিকে ছেলেকে বাইরে রেখেই মমিনুল শ্রেণিকক্ষে পাঠদান শুরু করেন। একপর্যায়ে মাহিন খেলতে খেলতে বিদ্যালয়ের পাশের পুকুর পাড়ে চলে যায়। অনেক সময় ধরে মাহিনের সাড়া-শব্দ না পেয়ে মমিনুল বিদ্যালয়ের আশপাশে খুঁজতে থাকেন। পরে বেলা আড়াইটার দিকে মাহিনের লাশ পুকুরের পানিতে ভেসে ওঠে।
এ বিষয়ে সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা লিয়াকত আলী সরকার বলেন, মমিনুল ও তাঁর স্ত্রী নার্গিস দুজনেই প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বাড়িতে দেখাশোনার মানুষ না থাকায় শুধু সেদিনই মমিনুল ছেলেকে বিদ্যালয়ে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন।