বাবার সঙ্গে শত্রুতায় শিশু খুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবার সঙ্গে শত্রুতার জের ধরে ঘুমন্ত অবস্থায় এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের কালীরগাঁওয়ে গত শনিবার গভীর রাতে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত স্কুলছাত্রের নাম দেলোয়ার হোসেন (১০)। তার বাবার নাম ফারুক আহমদ।নিহত দেলোয়ার কালিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। এ ঘটনায় গতকাল সোমবার সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।পুলিশ জানায়, একই গ্রামের মিজাজ মিয়ার সঙ্গে ফারুক আহমদের বিরোধ চলছে। শনিবার গভীর রাতে মিজাজের পক্ষের কয়েকজন লোক দা ও রামদা নিয়ে ফারুক আহমদের বসতঘরে প্রবেশ করে। ওই রাতে ফারুক মিয়া ঘরে ছিলেন না। ফারুককে না পেয়ে মিজাজের পক্ষের লোকজন ঘুমন্ত অবস্থায় দেলোয়ারকে কুপিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রোববার সন্ধ্যায় সে মারা যায়। ময়নাতদন্ত শেষে গতকাল সোমবার সকালে পুলিশ স্কুলছাত্র দেলোয়ারের লাশ পরিবারের জিম্মায় দিয়েছে।মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন জানান, ফারুক আহমদ বাদী হয়ে হত্যা মামলা করেছেন। এতে মিজাজসহ চারজনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। পুলিশ এদের ধরার চেষ্টা করছে।