বাবার সন্ধান চেয়ে আট সন্তানের সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেড় মাস ধরে বাবা আতা উল্লাহর খোঁজ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে কক্সবাজারের টেকনাফের হ্নীলা স্টেশন থেকে তাঁকে ধরে নিয়ে যাওয়া হয়। এরপর আর তাঁর খোঁজ মেলেনি। গতকাল রোববার কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আট ছেলেমেয়ে তাঁদের বাবার সন্ধান দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছেন। এ সময় তাঁদের মা ছফুয়ারা বেগমও উপস্থিত ছিলেন।
আতা উল্লাহর বাড়ি হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদারপাড়ায়। তিনি ব্যবসায়ী।
লিখিত বক্তব্যে নিখোঁজ ব্যক্তির বড় ছেলে হামেদ (২০) বলেন, গত বছরের ১৩ ডিসেম্বর সন্ধ্যায় টেকনাফের হ্নীলা স্টেশনের দারুসসুন্নাহ মার্কেটের একটি দোকান থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে তাঁর বাবা মাওলানা আতা উল্লাহকে গাড়িতে তুলে কক্সবাজারের দিকে নিয়ে যাওয়া হয়। প্রায় দেড় মাস ধরে পুলিশ, র্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার দপ্তরে গিয়েও তাঁরা কিছু জানতে পারেননি। তাই সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।
হামেদ বলেন, তাঁদের বাবা নিখোঁজ হওয়ার পর ১৫ ডিসেম্বর তিনি টেকনাফ মডেল থানায় জিডি করেন।
স্ত্রী ছফুয়ারা বেগম বলেন, আতা উল্লাহ কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। এলাকায় তাঁদের কোনো শত্রু নেই। মানব পাচার কিংবা ইয়াবা চোরাচালানের সঙ্গেও তিনি জড়িত নন।
টেকনাফ থানার এসআই মো. আরিফ বলেন, আতা উল্লাকে কে বা কারা ধরে নিয়ে গেছে, তা এখনো জানা যায়নি।