বাবার সাক্ষ্যে ছেলের জেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদক সেবনের মামলায় বাবার দেওয়া সাক্ষ্যের ভিত্তিতে ছেলের দুই বছর কারাদণ্ড হয়েছে। নাটোরের একটি ভ্রাম্যমাণ আদালত গত মঙ্গলবার এই দণ্ড দেন। জেলার বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার চকহরিরামপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে জহুরুল ইসলামকে (৩৫) গত সোমবার রাতে মাদক সেবনের অভিযোগে বাগাতিপাড়া থানা-পুলিশ গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে তাঁকে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হয়। এ সময় আদালত তাঁর বাবার সাক্ষ্য নেন। তিনি ছেলের গাঁজা খাওয়ার কথা স্বীকার করে জবানবন্দি দেন। তাঁর সাক্ষ্যের ওপর ভিত্তি করে ইউএনও জহুরুলকে দুই বছরের বিনা শ্রম কারাদণ্ড দেন। ইউএনও মোহাম্মদ ইয়ামিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।