বাবার সামনেই বাস কেড়ে নিল শিশুর প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় গতকাল শুক্রবার রাতে বাবার সামনে বাসের ধাক্কায় মারা গেছে তামান্না আক্তার নামের এক শিশু। গুরুতর আহত হয়েছেন বাবা বাবুল হোসেন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, তামান্না (৯) তার বাবা-মায়ের সঙ্গে যাত্রাবাড়ীর দনিয়ার নাসির উদ্দিন সড়কে ভাড়া বাড়িতে থাকত। স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী ছিল সে। দুই ভাই ও এক বোনের মধ্যে সে সবার ছোট। বাবা বাবুল পেশায় রিকশাচালক।
তামান্না গতকাল তার বাবার সঙ্গে টঙ্গীতে এক আত্মীয়ের বাসায় গিয়েছিল। রাত আটটার দিকে সে বাবার সঙ্গে ফিরে বাস থেকে যাত্রাবাড়ীতে নামে। বাসায় যাওয়ার জন্য রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাকে ও তার বাবাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় সে। আর গুরুতর আহত হন বাবা বাবুল হেসেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ওসি অবনী শংকর কর বলেন, এ ঘটনা ঘটিয়ে চালক বাস নিয়ে দ্রুতগতিতে পালিয়ে যায়। বাসটি শনাক্ত করা সম্ভব হয়নি।