বাবার স্নেহমাখা স্পর্শ কখনোই পাবে না নীলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্যোজাত নীলা কোনো দিনই খুঁজে পাবে না তার বাবাকে। পাবে না বাবার আদর-ভালোবাসা কিংবা স্নেহমাখা স্পর্শ। নীলা পৃথিবীতে আসার আগেই ‘রাজনীতির’ পেট্রলবোমা কেড়ে নিয়েছে তার বাবা ট্রাকচালক নূর হোসেনকে।
‘রাজনীতির’ নিষ্ঠুরতায় নূর হোসেনের (৩০) অকালে চলে যাওয়ায় নীলাসহ তিন সন্তানকে নিয়ে অভাবের সাগরে হাবুডুবু খাচ্ছেন তার মা মেরিনা আক্তার (২৭)। নূর হোসেনের আয়েই চলত তাঁদের সংসার।
নূর হোসেনের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়ায়। তাঁর বড় ছেলে আবু বকর সিদ্দিক ওরফে মাহিন (৬) শিশু শ্রেণিতে পড়ছে। মেয়ে নুরতাজের (৩) পর পৃথিবীতে এসেছে নীলা (১৫ দিন)।
১ ফেব্রুয়ারি চাচাতো ভাই আবুল কালাম সিকদারের মৃত্যুর খবর পেয়েও হরতাল-অবরোধের কারণে দাফনে অংশ নিতে পারেননি নূর হোসেন। ২ ফেব্রুয়ারি রাতে জীবনের ঝুঁকি নিয়েই মামাতো ভাই আবু জাফরকে সঙ্গে করে ট্রাক নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে রাত সোয়া ১২টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার সুন্দরদী এলাকায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় দগ্ধ হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
দুই সপ্তাহ আগে জন্ম হয় নীলার। প্রসূতি মা মেরিনা এখনো সুস্থ হয়ে উঠতে পারেনি। কান্নাজড়িত কণ্ঠে মেরিনা জানান, চাচাতো ভাইয়ের কবর জিয়ারত করতে বাড়ি আসছিলেন তিনি (নূর হোসেন)। বাড়ি তিনি ঠিকই এসেছেন, তবে লাশ হয়ে। শুধু পৈতৃক ভিটাবাড়ি ছাড়া আর কোনো সম্পদ নেই তাঁদের।
মেরিনা বলেন, ‘তাঁর (নূর হোসেন) স্বপ্ন ছিল ছেলেমেয়েকে লেখাপড়া করাবেন। বড় ছেলেকে স্কুলে ভর্তি করে দিয়েছেন। কিন্তু এখন পড়াশোনা তো দূরের কথা, ছেলেমেয়েদের মুখে ঠিকমতো খাবারই তুলে দিতে পারি না।’ আত্মীয়স্বজনের সাহায্যে কোনো রকমে চলছে সংসার।
মেরিনা তাঁর সদ্যোজাত সন্তান নীলাকে দেখিয়ে কাঁদতে কাঁদতে বলেন, ‘কী দোষ ছিল এই শিশুটির? জন্মের আগেই হারাল তার বাবাকে! ছয় বছরের মাহিন ও তিন বছরের নুরতাজ কি বাবার স্মৃতি কোনো দিন মনে করতে পারবে? ওদের বাবা কী অন্যায় করেছিলেন যে তাঁকে এভাবে মরতে হলো?’
মেরিনা জানালেন, নূর হোসেন মারা যাওয়ার এক মাস পেরিয়ে গেলেও কোনো সরকারি-বেসরকারি সাহায্য পাননি। লাশের দাফন-কাফনের জন্যও কোনো আর্থিক সহায়তা দেওয়া হয়নি। সাহায্যের জন্য বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে আবেদন করেছেন।