বাবার হত্যার বিচার চাইলেন মোকলেছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বুধবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী মোকলেছার রহমান সরকার। জবানবন্দিতে তিনি মুক্তিযুদ্ধকালে তাঁর বাবার হত্যার বিচার চেয়েছেন।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মোকলেছার রহমানের (৫৬) জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এ কে এম সাইফুল ইসলাম। কৃষিজীবী মোকলেছার জবানবন্দিতে বলেন, তাঁর গ্রামের বাড়ি রংপুরের বদরগঞ্জ থানার উত্তর রামনাথপুর গ্রামে। একাত্তরের ১৬ এপ্রিল রংপুর থেকে একটি ট্রেনে করে পাকিস্তানি সেনা, আজহারুল ইসলাম ও জামায়াতের লোকজন টেকশোরহাট-সংলগ্ন ৬ নম্বর রেলগেটে পৌঁছায়। তারা ট্রেন থেকে নেমে উত্তর দিকে এগোতে এগোতে পথের দুই পাশের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয় এবং গুলি করে। পরে আজহারুল ও জামায়াতের লোকসহ পাকিস্তানি সেনারা মিলেরডাঙ্গা হয়ে তাঁর (সাক্ষী) গ্রামের দিকে যায়।
রাষ্ট্রপক্ষের সাক্ষী বলেন, পাকিস্তানি সেনা ও তাদের সহযোগীদের আসতে দেখে তাঁর মা, দুই ভাই ও দুই বোন চার কিলোমিটার উত্তরে পাঠানের হাটে চলে যান। তিনি (সাক্ষী) ও তাঁর বাবা বাড়ি পাহারা দিতে থেকে যান। পাকিস্তানি সেনা ও তাদের সহযোগীরা গ্রাম ঘেরাও করলে তিনি ঝোপে লুকালেও তাঁর বাবা পালাতে গিয়ে ধরা পড়েন। তিনি ঝোপ থেকে দেখেন, তাঁর বাবা আজহারুলের পা ধরলে তিনি তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেন। তখন পাকিস্তানি সেনারা তাঁর বাবাকে গুলি করে হত্যা করে। মুন্সি কুদ্দুসকেও হত্যা করা হয়। পাকিস্তানি সেনা ও তাদের সহযোগীরা চলে যাওয়ার পর তিনি গ্রামের বিভিন্ন জায়গায় ১৫ জনের লাশ দেখেন।
মোকলেছার বলেন, তিনি আজহারুল ইসলামকে চিনতেন, কারণ সত্তরের নির্বাচনে তিনি জামায়াতের প্রার্থীর পক্ষে ভোট চাইতে তাঁদের এলাকায় গিয়েছিলেন। জবানবন্দির শেষ পর্যায়ে আসামির কাঠগড়ায় থাকা আজহারুলকে শনাক্ত করে সাক্ষী বলেন, ‘আমি আমার বাবার হত্যার বিচার চাই।’
আসামিপক্ষের আইনজীবী আবদুস সুবহান তরফদার অসুস্থবোধ করায় এই মামলার দ্বিতীয় ও তৃতীয় সাক্ষীকে জেরার জন্য আজ বৃহস্পবাির দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।