বাবার হত্যার বিবরণ দিলেন আবদুল মালেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম ইউসুফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রোববার রাষ্ট্রপক্ষের দুজন সাক্ষী জবানবন্দি দিয়েছেন। তাঁদের মধ্যে রাষ্ট্রপক্ষের ষষ্ঠ সাক্ষী আবদুল মালেক ফকির একাত্তরে মুক্তিযুদ্ধকালে রাজাকারদের হাতে তাঁর বাবার হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শীর বিবরণ দেন।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল প্রথমে জবানবন্দি দেন আবদুল মালেক (৫৭)। জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরে তাঁর বাবা জয়নাল ফকির সুন্দরবনে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নেন এবং স্থানীয় রাজাকারদের বিরুদ্ধে যুদ্ধ করেন। একাত্তরের ৯ জুন দুপুরে তাঁর বাবা অন্য মুক্তিযোদ্ধাদের সঙ্গে তাফালবাড়ি বাজারের কাছে গেলে ৩০-৩৫ জন রাজাকারের হাতে ধরা পড়েন। তাঁর বাবাকে নির্দয়ভাবে মারধর করা হয়।
জবানবন্দির এ পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন রাষ্ট্রপক্ষের এ সাক্ষী। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তিনি জবানবন্দিতে বলেন, তাঁর বাবাকে রাইফেলের বাঁট দিয়ে পেটানো হয়। তিনি ওই সময় রুটি বিক্রি করার জন্য বাজারে ছিলেন। বাবাকে বাঁচাতে তিনি কাছে গেলে রাজাকাররা তাঁকেও রাইফেলের বাঁট দিয়ে মারার হুমকি দেয়। তিনি হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে ঘটনা দেখতে থাকেন। একপর্যায়ে রাজাকাররা তাঁর বাবাকে টানতে টানতে স্থানীয় নদীর পাড়ে নিয়ে গুলি করে হত্যা করে এবং লাশ নদীতে ছুড়ে ফেলে দেয়। তিন দিন পর তাঁরা লাশ খুঁজে পান এবং বাড়িতে নিয়ে দাফন করা হয়।
আবদুল মালেক বলেন, ওই ঘটনার সময় তিনি ইউসুফসহ স্থানীয় কয়েকজন রাজাকারকে চিনতে পারেন। তাঁর বাবা মাটিতে পড়ে থাকা অবস্থায় ইউসুফ তাঁর হাতের ওপর দাঁড়িয়ে ছিলেন।
মালেক জবানবন্দির শেষ পর্যায়ে আসামির কাঠগড়ায় থাকা ইউসুফকে শনাক্ত করেন। পরে তাঁকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী সৈয়দ মিজানুর রহমান। জেরা শেষে আবদুল মালেকের মা আছিয়া খাতুনকে রাষ্ট্রপক্ষ সপ্তম সাক্ষী হিসেবে হাজির করে। রাষ্ট্রপক্ষ জানায়, আছিয়া খাতুন অসুস্থ, রাষ্ট্রপক্ষ তাঁর জবানবন্দি টেন্ডার (পূর্বের সাক্ষীকে সমর্থন করে জবানবন্দি দেওয়া) করতে চান।
ট্রাইব্যুনাল অনুমতি দিলে আছিয়া খাতুনকে জেরা শুরু করেন মিজানুর রহমান। তাঁকে আজ সোমবার আবার জেরা করবে আসামিপক্ষ।