রাজধানীর রামপুরায় বাগিচারটেকে গতকাল বুধবার ভোরে মোহাম্মদ আলম (২০) নামের এক যুবক ঘুমন্ত অবস্থায় খুন হয়েছেন। এ ঘটনায় তার বাবা জড়িত বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। আলম পেশায় রিকশাচালক ছিলেন।
পুলিশ ও পরিবার সূত্র জানায়, আলম সপরিবারে বাগিচারটেকে ভাড়া বাসায় থাকতেন। গতকাল ভোর চারটার দিকে দুলাল মিয়া রড নিয়ে তাঁর ঘুমন্ত ছেলে আলমের মাথায় আঘাত করেন। আলমের পাশে থাকা তাঁর স্ত্রী নাদিয়া ঘুম থেকে জেগে চিৎকার দেন। এ সময় দুলাল মিয়া পালিয়ে যান। রক্তাক্ত অবস্থায় ভোর পাঁচটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক আলমকে মৃত ঘোষণা করেন। দুলাল সিএনজি অটোরিকশার চালক।
নাদিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, আট মাস আগে আলমের সঙ্গে তাঁর বিয়ে হয়। এ বিয়ে তাঁর শ্বশুর মেনে নিতে পারেননি। তিনি বাগিচারটেকের ওই বাসায় ওঠার পর তাঁর শ্বশুর এ বাসা ছেড়ে অন্যত্র থাকতেন। গত মঙ্গলবার সন্ধ্যায় তাঁর শ্বশুর বাসায় এসে রাতে থেকে যান। ভোরে হঠাৎ আলমের চিৎকার শুনে তিনি জেগে ওঠেন। তখন রড দিয়ে আলমকে পেটাচ্ছিলেন তাঁর শ্বশুর। এ সময় তিনি (আলমের স্ত্রী) চিৎকার করলে শ্বশুর পালিয়ে যান।
আলমের মা আলেয়া বেগম জানান, দুলাল মিয়া দুই বছর আগে তাঁকে তালাক দিয়ে আরও দুটি বিয়ে করেন। এরপর তিনি অন্যত্র থাকতেন। কিন্তু আলম নিজের পছন্দে বিয়ে করলেও দুলাল তা মেনে নেননি। দুলালের কথামতো না চলায় আলমকে হত্যা করা হয়েছে।
আলেয়া বলেন, এখন তিনি নিজেও দুলালের হাতে প্রাণ হারানোর শঙ্কায় আছেন।
রামপুরা থানার ওসি আলমগীর হোসেন জানান, পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। দুলালকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আলমের গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার খঘরাবাদে। দুই ভাইয়ের মধ্যে তিনি বড় ছিলেন।
গলায় বঁটি চালিয়ে আত্মহত্যা: গত মঙ্গলবার গভীর রাতে মতিঝিল এজিবি কলোনিতে যন্ত্রণা সইতে না পেরে দুলাল পালোয়ান (৬০) নামে একজন আত্মহত্যা করেছেন। এ ঘটনায় তাঁর ছেলে মো. নাজমুল জানান, তাঁর বাবা দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। দীর্ঘদিন চিকিৎসা নিয়েও ভালো হননি। গত বুধবার দিবাগত রাত তিনটার দিকে অসুখের যন্ত্রণা সইতে না পেরে সবার অগোচরে গলায় বঁটি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এতে তাঁর শ্বাসনালি কেটে যায়। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
রাজারবাগ পুলিশ লাইনসের ফুটপাতের পানের দোকানি দুলালের গ্রামের বাড়ি জামালপুর সদর উপজেলায়।
মতিঝিল থানার ওসি ফরমান আলী বলেন, আত্মহত্যায় ব্যবহূত রক্তমাখা বঁটিটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মতিঝিল থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
রংমিস্ত্রি গুলিবিদ্ধ: রাজধানীর রামপুরা থানার উলন রোডে গতকাল সকালে আবদুস সালাম (৪৫) নামের এক রংমিস্ত্রিকে গুলি করেছে দুর্বৃত্তরা।
গুলিবিদ্ধ আবদুস সালামের বড় ভাই আবদুল করিম জানান, সালাম সকাল সাড়ে ১০টার দিকে বাসা থেকে কাজে বের হন। স্থানীয় সোহেল টেলিকমের সামনে দৌড়ে আসা একদল দুর্বৃত্ত সালামকে গুলি করে। তাঁর বুকে গুলি লাগে। তবে হামলাকারীদের তিনি চেনেন না বলে জানান।