বাবার হাতে প্রাণ গেল শিশুটির
নীলফামারীর সৈয়দপুর পৌর শহরে বাবার বঁটির আঘাতে প্রাণ গেল ১১ মাস বয়সী কন্যাশিশুর। গুরুতর জখম হয়েছে চার বছর বয়সী ভাতিজা। গতকাল মঙ্গলবার শহরের চাঁদনগর মহল্লায় এ ঘটনা ঘটে।নিহত শিশু নিশাত পারভীন মাসুম আলমের মেয়ে। আহত জাহিন (৪) মাসুমের বড় ভাই আইনজীবী আলমগীর কবিরের ছেলে। হত্যাকাণ্ডের ঘটনায় মামলার পর মাসুমকে গ্রেপ্তার করেছে পুলিশ।মাসুম মাদকাসক্ত ছিলেন বলে এলাকার একাধিক ব্যক্তি জানিয়েছেন। তবে মাসুমের স্ত্রী আফরোজা আক্তারের দাবি, তাঁর স্বামী মানসিক ভারসাম্যহীন।চাঁদনগর মহল্লার বাড়িতে গেলে আফরোজা জানান, সকাল সাড়ে আটটার দিকে তাঁর শাশুড়ি ফরিদা পারভীনের চিৎকারে ঘুম ভাঙে। তিনি দ্রুত রান্নাঘরে গিয়ে দেখেন, তাঁর একমাত্র সন্তান নিশাত রক্তাক্ত অবস্থায় মেঝেতে ছটফট করছে। পাশেই রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল জাহিন। রান্নাঘরের বারান্দায় দাঁড়িয়ে ছিলেন মাসুম আলম।ঘটনার পরপরই আফরোজা ও গৃহকর্মী আনোয়ারা বেগম দুই শিশুকে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে নিয়ে যান। তবে পথেই নিশাতের মৃত্যু হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মনিরুল ইসলাম জানান, জাহিনের অবস্থাও সংকটাপন্ন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।