বাবার হাতে মাদকাসক্ত ছেলে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আজ সোমবার তাজুল ইসলাম (২৮) নামের মাদকাসক্ত ছেলেকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন বাবা মো. মোস্তফা। দুপুর ১২টার দিকে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের মিরআলীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরে মাদক সেবনকে কেন্দ্র করে বাবা মোস্তফার সঙ্গে ছেলে তাজুলের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মোস্তফা রেগে ধারালো দা দিয়ে তাজুলের ঘাড়ে কোপ দিলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। ওই ঘটনার পর মোস্তফাসহ পরিবারের অন্য সদস্যরা পালিয়ে যান। লাশ থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।