বাবার 'কারাগার' থেকে বিল্লাল চিকিৎসাকেন্দ্রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে মাদকাসক্ত বিল্লাল হোসেনকে (৩৭) অবশেষে বাবার ‘কারাগার’ থেকে মুক্ত করে মাদকাসক্তি চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
গতকাল শনিবার দুপুরে ঢাকার আহছানিয়া মিশন কর্তৃপক্ষ বিনা মূল্যে চিকিৎসাসেবার জন্য তাঁকে মুক্ত করে নিয়ে যায়।
গাজীপুরের গজারিয়া পাড়ার আহছানিয়া মিশন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসনকেন্দ্রে বিল্লালকে ছয় মাসের চিকিৎসাসেবা দেওয়া হবে বলে জানান বিল্লালকে নিতে আসা ওই হাসপাতালের ব্যবস্থাপক (চিকিৎসা) মীর সাইফুল আলম।
নেশার জগৎ থেকে ফেরাতে না পেরে বিল্লালের বাবা মুক্তিযোদ্ধা হাছেন আলী নিজের ঘরে দুই মাস ধরে শিকলে বেঁধে রাখেন বিল্লালকে। ১৩ মার্চ এ নিয়ে প্রথম আলোয় ‘বাবার ‘কারাগারে’ মাদকাসক্ত ছেলে’ শিরোনামে সচিত্র খবর ছাপা হলে আহছানিয়া মিশন কর্তৃপক্ষ বিল্লালের চিকিৎসার দায়িত্ব নেয়।
বিল্লালকে আহছানিয়া মিশন কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশীদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম ও গণি, মুক্তিযোদ্ধা আবদুল্লাহ মিয়া, সখীপুর বাজার বণিক সমিতির সভাপতি তাহেরুল ইসলাম, প্রথম আলোর সখীপুর প্রতিনিধি ইকবাল গফুর।
বিল্লালের বাড়ি উপজেলার কচুয়া গ্রামের বেপারি পাড়া এলাকায়। তাঁর বাবা হাছেন আলী এলাকায় ফেরি করে সরিষার তেল বেচে কোনোমতে সংসার চালান।
আহছানিয়া মিশনের উপপরিচালক ইকবাল মাসুদ গতকাল বলেন, ‘প্রথম আলোতে খবরটি পড়ে আহছানিয়া মিশন কর্তৃপক্ষ বিল্লালকে বিনা মূল্যে চিকিৎসাসেবা প্রদান ও পুনর্বাসন করার সিদ্ধান্ত নেয়। এর ভিত্তিতে বিল্লালকে পরিবারের সম্মতিতেই আমাদের হাসপাতালে আনা হয়েছে।’
হাছেন আলী গতকাল বলেন, ‘আমার পক্ষে ছেলের চিকিৎসা করানো সম্ভব ছিল না। উপায় না পেয়ে অবশেষে ছেলেকে শিকলে বেঁধে রাখার পথ বেছে নিয়েছিলাম। আহছানিয়া মিশন আমার ছেলের চিকিৎসার দায়িত্ব নেওয়ায় আমি খুব খুশি।’