বাবার ‘প্রতিপক্ষ’ হওয়াই আনোয়ারের অপরাধ!
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাবার ‘প্রতিপক্ষ’ প্রার্থী ছেলেকে গাছের সঙ্গে শেকল দিয়ে বেঁধে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার সকালে ওই ইউনিয়নের দড়িভেলানগর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডে দড়িভেলানগর গ্রামের খোরশেদ মিয়া (৮৪) ও তাঁর ছেলে মো. আনোয়ার হোসেন (৪৫) সদস্য পদপ্রার্থী হিসেবে প্রতিন্দ্বন্দ্বিতা করছেন। এতে আনোয়ার হোসেনের বাবা ও ভাইয়েরা তাঁর প্রার্থিতা মেনে নিতে পারছিলেন না। গত শনিবার তাঁরা ক্ষুব্ধ হয়ে আনোয়ার হোসেনকে তাঁর ভাই একরামের বাড়ির উঠানে পেয়ারাগাছের সঙ্গে বেঁধে শারীরিকভাবে নির্যাতন করেন। এ ঘটনায় আনোয়ার হোসেন বাদী হয়ে চারজনকে আসামি করে মামলা দায়ের করেন।আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, ‘আমি ১৯৯২ সালে নির্বাচনে সদস্য নির্বাচিত হয়েছিলাম। এবার প্রার্থী হওয়ায় বাবা ও ভাইয়েরা আমারে গাছের লগে শিগল দিয়া বাইন্ধা পিটাইছে।’খোরশেদ মিয়া নিজের সম্পৃক্তা অস্বীকার করে বলেন, ‘আমার পোলারা আনোয়াররে ধইরা গাছের লগে শিগল দিয়া বাইন্ধা দু-চাইরটা থাবরা দিছে। পোলা হইয়া আমার বিরুদ্ধে ইলেকশনে খারাইছে।’বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, ‘ছেলে আনোয়ার হোসেন সদস্য পদপ্রার্থী হয়েছেন, বাবা খোরশেদ মিয়া মেনে নিতে না পারেনি।’