বাবারা ধরলেন মাছ, পিটুনি খেল বাচ্চারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় প্রভাবশালীদের নিয়ন্ত্রণাধীন খয়রা বিলে তিন সাধারণ মৎস্যজীবী মাছ ধরায় তাঁদের শিশুসন্তানদের পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত শিশুরা হলো মীরা খাতুন (১০), মাসুদা সুলতানা (৮), মাসুদ (১২) ও সুরাইরা খাতুন (৯)। তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার বিকেলে ওই চার শিশু মাদ্রাসা ছুটির পর বাড়ি ফিরছিল। তারা শ্রীপুর তালুকদারপাড়ায় পৌঁছলে খয়রা বিলের পাহারাদার নূর মোহামঞ্চদ ও আরিফ হোসেন পথরোধ করে তাদের বাবারা কেন বিলে মাছ ধরেছেন, সে কৈফিয়ত চান। একপর্যায়ে তাঁরা শিশু চারটিকে পেটাতে শুরু করেন। খবর পেয়ে পুলিশের সহযোগিতায় অভিভাবকেরা ছুটে গিয়ে শিশুদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
জানা যায়, স্থানীয় প্রভাবশালীরা ওই বিলে মাছ ছাড়েন। কিন্তু বিলসংলগ্ন খামারপাড়া গ্রামের বেশির ভাগ লোকই মৎস্যজীবী। তারা বিলটি উন্মুক্ত রাখার দাবি জানিয়ে আসছিল।
হামলার বিষয়ে বিলের ইজারাদার দ্বীপপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ আলী বলেন, ‘বিলের পাহারাদারেরা বাচ্চাদের পিটিয়ে থাকলে ঠিক করেনি। তবে শুনেছি, শিশুদের মারপিট না, ধাওয়া দিয়েছিল তারা। পড়ে গিয়ে ওই চার শিশু আহত হয়েছে।’
মাদ্রাসার সুপার ইসরাইল হোসেন জানান, তাঁর প্রতিষ্ঠানের চার শিশুর ওপর অন্যায়ভাবে হামলা হয়েছে।