বাবাসহ অন্য বুদ্ধিজীবী হত্যায় মুঈনুদ্দীন জড়িত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মুক্তিযুদ্ধকালে তাঁর বাবাসহ অন্য বুদ্ধিজীবীদের অপহরণ ও হত্যাকাণ্ডে মুঈনুদ্দীন জড়িত ছিলেন। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে আজ বুধবার জবানবন্দি দেওয়ার সময় এ কথা বলেন রাষ্ট্রপক্ষের দ্বাদশ সাক্ষী অনির্বাণ মোস্তফা। তিনি শহীদ সাংবাদিক আ ন ম গোলাম মোস্তফার ছেলে।

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ অনির্বাণ মোস্তফার জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান।

জবানবন্দিতে অনির্বাণ মোস্তফা বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধকালে তাঁর বাবাসহ অন্য বুদ্ধিজীবীদের অপহরণ ও হত্যাকাণ্ডে মুঈনুদ্দীন জড়িত ছিলেন।

অনির্বাণের জবানবন্দি দেওয়ার আগে রাষ্ট্রপক্ষের একাদশতম সাক্ষী শহীদ অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরীর ভাইয়ের ছেলে ইফতেখার হায়দার চৌধুরীকে জেরা শেষ করেন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস শুকুর খান ও সালমা হাই।

অনির্বাণ মোস্তফা বলেন, একাত্তরে তাঁর বয়স ছিল নয় মাস। তিনি বড় হওয়ার সঙ্গে সঙ্গে মা, চাচা ও বাবার সহকর্মীদের কাছে দুজন মানুষ সম্পর্কে জেনেছেন। একজন তাঁর বাবা আ ন ম গোলাম মোস্তফা ও আরেকজন চৌধুরী মুঈনুদ্দীন। একাত্তরে তাঁর বাবা পূর্বদেশ পত্রিকায় সহসম্পাদক ছিলেন। মুঈনুদ্দীন তাঁর বাবার সহকর্মী ছিলেন এবং ইসলামী ছাত্রসংঘের (জামায়াতে তত্কালীন ছাত্র সংগঠন) সক্রিয় নেতা ও আলবদরের অপারেশন ইনচার্জ ছিলেন।

অনির্বাণ মোস্তফা আরও বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধকালে দেশের মানুষ একটি কঠিন সময় অতিক্রম করেছে। কেউ উচ্চস্বরে কথা বলতে পারত না। তখন বাবা তাঁর কর্মস্থলে বসে পাকিস্তানি সেনা ও পাকিস্তান সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করতেন। একপর্যায়ে সহকর্মী মুঈনুদ্দীনের সঙ্গে তাঁর এ নিয়ে বাগবিতণ্ডা হয়। মুঈনুদ্দীন সে সময় হুমকি দেন—এর ফলাফল ভালো হবে না।

রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, তিনি জেনেছেন, একাত্তরের ১০ ডিসেম্বর রাতে তাঁর ঘুম হয়নি। তাই পরদিন ভোরে তাঁকে নিয়ে তাঁর বাবা তাঁদের বারান্দায় হাঁটছিলেন। এ সময় বড় মামা প্রকৌশলী সামসুজ্জোহাকে নিয়ে আগন্তুকেরা তাঁদের গোপীবাগের বাসায় এসে তাঁর বাবাকে ধরে নিয়ে যায়। পরে চাচা গোলাম রহমান বাবাকে খুঁজতে পূর্বদেশ পত্রিকায় যান। সেখানে গিয়ে বাবার সহকর্মী প্রধান প্রতিবেদক এহতেশাম হায়দার চৌধুরী ও আরেক সহকর্মী আতিকুর রহমানকে বিষয়টি জানান। তাঁরা তখন মুঈনুদ্দীনকে ডেকে পাঠান ও গোলাম মোস্তফাকে খুঁজতে বলেন। তাঁর চাচাকে সঙ্গে নিয়ে মুঈনুদ্দীন বিভিন্ন স্থানে যান। এ সময় মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা ইনস্টিটিউটে গেলে সেখানের প্রহরীরা মুঈনুদ্দীনকে সম্মান প্রদর্শন করেন। বিভিন্ন স্থানে খোঁজার পরও তাঁর বাবাকে খুঁজে পাওয়া যায়নি।

জবানবন্দিতে অনির্বাণ মোস্তফা বলেন, তিনি বড় হওয়ার পর একাত্তরের ২৯ ডিসেম্বর ও বাহাত্তরের জানুয়ারিতে পূর্বদেশ পত্রিকায় মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানের ছবিসহ প্রতিবেদন দেখে জেনেছেন, ওই দুজন তাঁর বাবাসহ অন্য বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডে জড়িত ছিলেন।

সম্প্রতি কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া মুঈনুদ্দীনের সাক্ষাত্কার দেখে তাঁর মনের ধারণা আরও পোক্ত হয়েছে যে তাঁর বাবাসহ অন্যান্য বুদ্ধিজীবী অপহরণ ও হত্যাকাণ্ডে মুঈনুদ্দীন জড়িত ছিলেন।

জবানবন্দিতে শহীদ সাংবাদিক আ ন ম গোলাম মোস্তফার ছেলে বলেন, ‘আমি বাবা নামটি উচ্চারণ করতে পারিনি, কিন্তু বাংলাদেশ নামটি আজীবন থাকবে।’

জবানবন্দি শেষে অনির্বাণ মোস্তফাকে জেরা শুরু করেন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস শুকুর খান ও সালমা হাই।