বাবাসহ অন্য বুদ্ধিজীবী হত্যায় মুঈনুদ্দীন জড়িত ছিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পলাতক চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বুধবার সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১২তম সাক্ষী অনির্বাণ মোস্তফা (৪২)। তিনি মুক্তিযুদ্ধকালে শহীদ সাংবাদিক আ ন ম গোলাম মোস্তফার ছেলে। জবানবন্দিতে তিনি বলেন, তাঁর বাবাসহ অন্য বুদ্ধিজীবীদের অপহরণ ও হত্যাকাণ্ডে মুঈনুদ্দীন জড়িত ছিলেন।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ অনির্বাণ মোস্তফার জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান। তিনি জবানবন্দি দেওয়ার আগে এই মামলায় রাষ্ট্রপক্ষের ১১তম সাক্ষী ও শহীদ অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরীর ভাতিজা ইফতেখার হায়দার চৌধুরীকে জেরা শেষ করেন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস শুকুর খান ও সালমা হাই।জবানবন্দিতে অনির্বাণ মোস্তফা বলেন, একাত্তরে তাঁর বয়স ছিল নয় মাস। তিনি বড় হয়ে মা, চাচা ও বাবার সহকর্মীদের কাছ থেকে দুজন মানুষ সম্পর্কে জেনেছেন। তাঁদের একজন তাঁর বাবা ও অপরজন চৌধুরী মুঈনুদ্দীন। একাত্তরে তাঁর বাবা পূর্বদেশ পত্রিকায় সহসম্পাদক ছিলেন। বাবার সহকর্মী মুঈনুদ্দীন ছিলেন ইসলামী ছাত্র সংঘের (জামায়াতে ইসলামীর তৎকালীন ছাত্রসংগঠন) সক্রিয় নেতা ও আলবদরের অপারেশন ইনচার্জ। মুক্তিযুদ্ধকালে দেশের মানুষ যখন একটি কঠিন সময় অতিক্রম করছিলেন, কেউ উচ্চ স্বরে কথা বলতে পারতেন না, তখন বাবা তাঁর কর্মস্থলে পাকিস্তানি সেনা ও পাকিস্তানি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করতেন। একপর্যায়ে সহকর্মী মুঈনুদ্দীনের সঙ্গে তাঁর এ নিয়ে বাগিবতণ্ডা হয়। এর ফলাফল ভালো হবে না বলে মুঈনুদ্দীন হুমকি দেন।রাষ্ট্রপক্ষের সাক্ষী অনির্বাণ মোস্তফা বলেন, তিনি জেনেছেন, একাত্তরের ১০ ডিসেম্বর রাতে তাঁর ঘুম হয়নি বলে পরদিন (১১ ডিসেম্বর) ভোরে তাঁকে নিয়ে তাঁর বাবা বারান্দায় হাঁটছিলেন। এ সময় তাঁর বড় মামা প্রকৌশলী শামসুজ্জোহাকে নিয়ে কয়েকজন একটি জিপে করে তাঁদের গোপীবাগের বাসায় এসে বাবাকে ধরে নিয়ে যায়। তাঁর চাচা গোলাম রহমান বাবাকে খুঁজতে পূর্বদেশ পত্রিকায় গিয়ে বাবার সহকর্মী প্রধান প্রতিবেদক এহতেশাম হায়দার চৌধুরী ও আতিকুর রহমানকে বিষয়টি জানান। তাঁরা তখন মুঈনুদ্দীনকে ডেকে পাঠান ও তাঁর বাবাকে খুঁজতে বলেন। তাঁর চাচাকে সঙ্গে নিয়ে মুঈনুদ্দীন বিভিন্ন স্থানে যান। এর মধ্যে মোহাম্মদপুরে শারীরিক শিক্ষা ইনস্টিটিউটে গেলে সেখানকার প্রহরীরা মুঈনুদ্দীনকে দেখে দাঁড়িয়ে সম্মান দেখান। সে সময় তাঁর বাবাকে খুঁজে পাওয়া যায়নি। দেশ স্বাধীনের পরও বিভিন্ন স্থানে খুঁজে তাঁকে পাওয়া যায়নি।রাষ্ট্রপক্ষের অষ্টম সাক্ষী ও অনির্বাণের চাচা আ ন ম গোলাম রহমানও ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে প্রায় একই ধরনের কথা জানান। অনির্বাণ মোস্তফা বলেন, তিনি বড় হয়ে একাত্তরের ২৯ ডিসেম্বর ও ১৯৭২ সালের জানুয়ারির পূর্বদেশ পত্রিকায় মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানের ছবিসহ প্রতিবেদন দেখেছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এ দুজন তাঁর বাবাসহ অন্য বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডে জড়িত। রাষ্ট্রপক্ষের এই সাক্ষী আরও বলেন, সম্প্রতি কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া মুঈনুদ্দীনের সাক্ষাৎকার দেখে তাঁর মনে এ ধারণা আরও পোক্ত হয়েছে যে তাঁর বাবাসহ অন্য বুদ্ধিজীবীদের অপহরণ ও হত্যাকাণ্ডে মুঈনুদ্দীন জড়িত ছিলেন। তিনি বলেন, ‘আমি বাবা নামটি উচ্চারণ করতে পারিনি, কিন্তু বাংলাদেশ নামটি আজীবন থাকবে।’জবানবন্দি শেষে অনির্বাণ মোস্তফাকে জেরা করেন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত দুই আইনজীবী। আইনজীবী মত (সাজেশন) দেন, আপনার বাবাকে হত্যায় মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান জড়িত ছিলেন না। জবাবে সাক্ষী বলেন, এটা সত্য নয়। জেরা শেষে এ মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী সোমবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।ইফতেখার হায়দার চৌধুরীকে জেরা: ১২তম সাক্ষীর জবানবন্দির আগে রাষ্ট্রপক্ষের ১১তম সাক্ষীকে জেরা শেষ করেন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত দুই আইনজীবী। আইনজীবী মত দেন, আপনার বাবার বাসার কাজের ছেলে নুরু মিয়া পাকিস্তানি সেনাদের তথ্যদাতা ছিল এবং তার তথ্যের ভিত্তিতে আপনার বাবাকে পাকিস্তানি সেনারা ধরে নিয়ে যায়। জবাবে সাক্ষী বলেন, এটা সত্য নয়।