বাবা-ছেলেকে হত্যায় ৫ জনের যাবজ্জীবন
নেত্রকোনার আটপাড়ায় বাবা ও ছেলে হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। জরিমানার টাকা নিহত ব্যক্তিদের পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস পেয়েছেন সাতজন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন রোকন উদ্দিন (৪০), জসিম উদ্দিন (৫০), সাবাস খাঁ (৫২), সুলতু মিয়া (৫৫) ও হারেছ মিয়া (৩৫)। খালাস পাওয়া ব্যক্তিরা হলেন রমিজ খাঁ (৩৫), ছদ্দু মিয়া (৪৫), জুয়েল মিয়া (৩২), কমল খাঁ (৪৩), আলাউদ্দিন (৪৬), কাজল খাঁ (২৭) ও নুরুল আমিন খাঁ। তাঁদের প্রত্যেকের বাড়ি আটপাড়া উপজেলার রূপচন্দ্রপুর গ্রামে। আসামিরা পরস্পরের আত্মীয়।
নিহত ব্যক্তিরা হলেন তাজুল ইসলাম (৬০) ও তাঁর ছেলে সুমন মিয়া (২৫)। তাঁদের বাড়িও আটপাড়া উপজেলার রূপচন্দ্রপুর গ্রামে।
মামলার বাদীর আইনজীবী ও রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি মুহাম্মদ সাইফুল আলম প্রদীপ জানান, একটি জমি নিয়ে বিরোধের জের ধরে ২০১১ সালের ২৭ মার্চ সকাল ছয়টার দিকে আসামিরা দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে তাজুল ইসলাম ও তাঁর ছেলের ওপর হামলা চালান। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সন্ধ্যায় তাঁরা মারা যান।
এ ঘটনায় ওই দিন রাতে নিহত তাজুল ইসলামের ছোট ছেলে সোহাগ মিয়া বাদী হয়ে ১৫ জনকে আসামি করে আটপাড়া থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ একই বছরের ১৫ সেপ্টেম্বর আদালতে ১৩ জনকে আসামি করে অভিযোগপত্র জমা দেয়। ওই আসামিদের মধ্যে হামিদ খাঁ মারা যান। ১১ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আজ বৃহস্পতিবার দুপুরে আদালত এ রায় দিলেন।
রায়ের পর মামলার বাদী সোহাগ মিয়া সাংবাদিকদের বলেন, ‘প্রকাশ্য দিবালোকে জনসমক্ষে খুনিরা আমার বাবা ও ভাইকে হত্যা করেছেন। তাঁদের ফাঁসি না হওয়ায় আমরা উচ্চ আদালতে যাব।’
আসামিপক্ষের মামলা পরিচালনা করেন ব্যোমকেশ ভট্টাচার্য।