বাবা-ছেলেসহ ছয়জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। একই দিন সিলেটের গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলে এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুমিল্লা: নোয়াখালী থেকে ঢাকাগামী ইকোনো পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিকেল তিনটার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শিকারপুর এলাকায় পৌঁছায়। এ সময় কুমিল্লা থেকে লাকসামগামী সিটি লিংক নামের একটি লেগুনার সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও দুজন যাত্রী মারা যান। এ ছাড়া এ দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত পাল গতকাল সন্ধ্যা সোয়া সাতটার দিকে প্রথম আলোকে বলেন, শুনেছি নিহত একজনের বাড়ি ঢাকার গাবতলী এলাকায়। অন্যদের পরিচয় এখনো জানা যায়নি।
সিলেট: সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জের ফুলবাড়ী হাজীপুর ঘনশ্যাম এলাকায় সকাল সাড়ে সাতটার দিকে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৌলভীবাজারের বড়লেখার আলতাফ উদ্দিন (৩৫) নিহত হন। এ ছাড়া এতে আলতাফের বাবা এখলাছ উদ্দিনও (৭০) গুরুতর আহত হন। পরে এখলাছকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। তাঁরা দুজনই পিকআপ ভ্যানের যাত্রী ছিলেন।
গোলাপগঞ্জ থানার ওসি এ কে এম ফজলুল হক জানান, দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন।
মৌলভীবাজার: মৌলভীবাজার-ঢাকা আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গল পৌর এলাকার ১ নম্বর পুলের কাছে দুপুর ১২টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশার (টমটম) ধাক্কায় কাজী তাহের মিয়া (৯৫) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাঁকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাহেরের বাড়ি সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে।
শ্রীমঙ্গল থানার এএসআই শাহেদা আক্তার জানান, এ ঘটনায় অটোরিকশাচালক আবদুল গফুরকে (২৩) আটক করা হয়েছে।