বাবা-মাকে খুঁজছে বাকপ্রতিবন্ধী হিমেল

ছেলেটি বাক ও শ্রবণপ্রতিবন্ধী। নাম হিমেল। বয়স হবে ১১ বছর। এক বছরেরও বেশি সময় ধরে সে তার বাবা-মাকে খুঁজে পাচ্ছে না। বর্তমানে সে খুলনার খালিশপুরের সরকারি অন্ধ ও মুক বধির বিদ্যালয়ের আশ্রয় আছে।
বিদ্যালয়সূত্রে জানা যায়, গত বছরের ১২ মে যশোর সদর থানার পুলিশ ওই এলাকায় সন্দেহজনকভাবে খেলার সময় হিমেলকে (১১) উদ্ধার করে। এরপর তাকে যশোর পুলেরহাট কিশোর উন্নয়ন কেন্দ্রে রাখা হয়।
কিশোর উন্নয়ন কর্তৃপক্ষ দীর্ঘ সময় ধরে তার স্বজনদের খুঁজে না পেয়ে চলতি বছরের ৭ এপ্রিল যশোরের আদালতে হাজির করে। সে বাক ও শ্রবণপ্রতিবন্ধী হওয়ায় আদালত তাকে খালিশপুরে সরকারি অন্ধ ও মুক বধির বিদ্যালয়ে রাখার নির্দেশ দেন। এরপর ১৫ এপ্রিল থেকে হিমেলের নতুন ঠিকানা হয় ওই বিদ্যালয়ে।
অন্ধ ও মুক বধির বিদ্যালয়ের তত্ত্বাবধায়ক কাজী মোহাম্মদ ইব্রাহিম বলেন,
হিমেল কম্পিউটার চালাতে পারে। বাবা-মায়ের নাম বলতে পারছে না। বাড়ি কোথায় জানতে চাইলে সে কখনো বলে বগুড়া কখনো বলে ঢাকা। তবে সে খুব মেধাবী। প্রকৃত অভিভাবকেরা এখানে এসে যোগাযোগ করতে পারেন। অথবা ০১৭১২২২৯৩৩১ বা ০৪১৭৬২৯৯৭ নম্বরে ফোন দিতে পারেন।