বাবা-মায়ের দুঃখ ঘোচানোর আগেই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরিদ্র পরিবারের সন্তান। স্বপ্ন ছিল চাকরি করে বাবা-মায়ের দুঃখ ঘোচাবেন। ভর্তি হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ে। বাবা-মাও জমি বিক্রি করে ছেলের লেখাপড়া করাচ্ছিলেন। আশা করেছিলেন, ছেলে একদিন কষ্টের সংসারে সুখ নিয়ে আসবেন। কিন্তু তাঁদের সেই আশা পূরণ হওয়ার আগেই ছেলে গত শুক্রবার বাড়িতে ফিরেছেন লাশ হয়ে।
মা-বাবার আদরের সেই ছেলের নাম মাহমুদুল হাসান। গত বৃহস্পতিবার দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে দুজন নিহত হন। এঁদের একজন তিনি। ওই বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের স্নাতকোত্তর শেষ বর্ষের ছাত্র ছিলেন।
মাহমুদুল হাসান নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ভেরভেড়ি মহুবর রহমানের একমাত্র ছেলে।
গতকাল শনিবার দুপুরে তাঁর বাড়িতে গিয়ে দেখা যায়, প্রায় ৩ শতাংশ জমির ওপর দুটি টিনের ঘর। একটির ভেতরে বিছানায় শুয়ে স্যালাইন নিচ্ছেন মা ও বাবা।
প্রতিবেশীরা জানান, মহুবর রহমানের এক ছেলে ও এক মেয়ে। মেয়ে মার্জানা আক্তার নীলফামারী সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী। ছেলেমেয়েকে লেখাপড়া শেখাতে গিয়ে মহুবর রহমান তাঁর পৈতৃক সূত্রে পাওয়া প্রায় ১৬ বিঘা জমির বেশির ভাগ বিক্রি করে দিয়েছেন।
মাহমুদুল হাসানের চাচা মকছুদার রহমান বলেন, মাহমুদুল হাসান ২০০৮ সালে তিনি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি ঈদুল আজহার আগের দিন বাড়িতে এসে ঈদের পরদিন চলে যান। শুক্রবার বিকেলে তাঁর লাশ বাড়িতে আনা হয়।
মাহমুদুলের বাবা মহুবর রহমান বলেন, ‘সব সুখ-শান্তি ভুলে ছেলেকে মানুষ করতে চেয়েছি। এখন আমার সব শেষ। আমি এখন কিসের আশায় কী নিয়ে বাঁচব।’ তিনি আরও বলেন, ‘চার-পাঁচ দিন আগে মুঠোফোনে ছেলের সঙ্গে কথা বলেছি। সে বলেছে, “বাবা তোমার কষ্টটা আমি বুঝি। তুমি চিন্তা করিয়ো না। আমার একটা চাকরি হলে আর কোনো সমস্যা থাকবে না। তখন তোমাকে কোনো কষ্ট করতে হবে না। মার্জানার লেখাপড়া, বিয়ে—সব দায়িত্ব আমি নেব।”’