বাবুইর নিপুণ হাতের ছোঁয়া গ্রামবাংলার গাছে গাছে

চলছে গ্রীষ্মকাল। কৃষক মাঠের ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন। বসে নেই শিল্পের কারিগর বাবুই পাখিও। কেননা তাদের এখন প্রজননকাল চলছে। বৈশাখের খাঁ খাঁ রোদ ও আষাঢ়ের বৃষ্টি থেকে পরের প্রজন্মকে রক্ষা করার জন্য বাবুই তার নিপুণ হাতে শৈল্পিক ছোঁয়ায় আপন ঘর তৈরি করছে গ্রামবাংলার গাছে গাছে।
আর পুরুষ বাবুই তো রীতিমতো আদর্শ প্রেমিক। কারণ, তার সঙ্গীর মন জয় করতেই কঠোর পরিশ্রম করতে হয় তাকে। এ সময় তারা এক বাসা থেকে আরেক বাসায় যায় পছন্দের সঙ্গীর খোঁজে।
সঙ্গী পছন্দ হলে স্ত্রী বাবুইকে সাথি বানানোর জন্য কত কিছুই না করে পুরুষ বাবুই। পুরুষ বাবুই স্ত্রী বাবুইকে নিজের প্রতি আকর্ষণ করাতে খালবিল ও ডোবায় গোসল সেরে ফুর্তিতে নেচে বেড়ায় গাছের ডালে ডালে। তখন মনের মাধুরী মিশিয়ে তিলে তিলে তার নিপুণ হাতের ছোঁয়ায় নির্মাণ করে একেকটি বাসা।
কবি রজনীকান্ত সেনের কালজয়ী কবিতা ‘স্বাধীনতার সুখ’–এর মাধ্যমে বাবুই পাখির শৈল্পিক গুণের কথা প্রকাশ পেয়েছে। কবিতাটিতে কবি দেখিয়েছেন চড়ুই পাখি অন্যের তৈরি অট্টালিকায় মহাসুখে থাকে। আর বাবুইকে তুচ্ছতাচ্ছিল্য করে বলতে দেখা গেছে, ‘কুঁড়েঘরে থেকে কর শিল্পের বড়াই। তুমি কত কষ্ট পাও রোদ, বৃষ্টি, ঝড়ে’।
চড়ুইয়ের তুচ্ছতাচ্ছিল্য করা সত্ত্বেও বাবুই খুব সাবলীলভাবে বলেছে, ‘কষ্ট পাই, তবু থাকি নিজের বাসায়।/ পাকা হোক, তবু ভাই, পরের ও বাসা,/
নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর, খাসা।’
চড়ুই যদি সত্যিই জানা থাকত যে বাবুই কত বড় শিল্পী, তাহলে এমন করে ব্যঙ্গ করতে পারত না। চড়ুইয়ের মতো ঠিক বর্তমান সমাজে শিল্পী ও শিল্পের কদর সাধারণ মানুষই ঠিকমতো দিতে পারে না।
একমাত্র বাবুই পাখি ছাড়া আর কারও পক্ষেই এই বাসা তৈরি করা অসম্ভব। এরা খড়ের ফালি, ধানের পাতা, তালের কচিপাতা, ঝাউ ও কাশবনের লতাপাতা দিয়ে গ্রামবাংলার তাল, নারিকেল, খেজুরগাছে দলবেঁধে বাসা বাঁধে। বাসার গঠন বেশ জটিল, তবে আকৃতি খুব সুন্দর। সেই বাসা যেমন দৃষ্টিনন্দন, তেমনি মজবুত।
তবে সবচেয়ে মজার ব্যাপার হলো, বাবুই পাখি আবার বড় ইঞ্জিনিয়ারও বটে। এরা রাতে বাসা আলোকিত করার জন্য জোনাকি পোকা ধরে এনে বাসায় রাখে।
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার প্রত্যন্ত এক গ্রামে প্রায় প্রতি ছরই গ্রীষ্মকালে বাবুই পাখির নিপুণ হাতের ছোঁয়া পড়ে। বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থী আতিকুর রহমান বলেন, এই সময়টা বেশির ভাগ সময় ঢাকাতে থাকা হয়। এবার কোভিড-১৯–এর কারণে ক্যাম্পাস বন্ধ থাকায় গ্রামে আছি। আর সেই শৈশব ও কৈশোর বয়সে স্কুল পালিয়ে বাবুই পাখির বাসা দেখতে যাওয়ার দিনগুলো মনে পড়ছে। আর এখন আমার মনে পড়ে ছোটবেলায় পড়া রজনীকান্ত সেনের কালজয়ী কবিতা ‘স্বাধীনতার সুখ’ কবিতাটির কথা,
‘বাবুই পাখিরে ডাকি, বলিছে চড়াই,
কুঁড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই,
আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে
তুমি কত কষ্ট পাও রোদ, বৃষ্টি, ঝড়ে।’
বাবুই হাসিয়া কহে, ‘সন্দেহ কি তাই?
কষ্ট পাই, তবু থাকি নিজের বাসায়।
পাকা হোক, তবু ভাই, পরের ও বাসা,
নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর, খাসা।’
আসলেই বাবুই তার এই বুদ্ধিমত্তার কথা দম্ভ করে বলতেই পারে নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা।
*লেখক: শিক্ষার্থী, ঢাকা কলেজ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ।