বাবুগঞ্জে কারখানায় আগুন আহত ১৭
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় একটি খাদ্যপণ্য উৎপাদনকারী কারখানায় গতকাল মঙ্গলবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীসহ ১৭ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী শ্রমিকেরা জানান, গতকাল বেলা ১১টার দিকে উপজেলার পাংশায় অবস্থিত অমৃত কনজুমার ফুড প্রোডাক্টস লিমিটেড কারখানার রাসমোহন ভবনে হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ওই ভবন ও আশপাশে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে বরিশাল থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে আসেন। বেলা একটার দিকে ফায়ার সার্ভিসের কর্মী ও কারখানার শ্রমিকদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে কারখানার ১০ জন শ্রমিক এবং ফায়ার সার্ভিসের সাত কর্মী আহত হন।
অমৃত কনজুমার ফুড প্রোডাক্টস লিমিটেডের নির্বাহী পরিচালক বিজয় কৃষ্ণ দে বলেন, কারখানার ওই ভবনে বিভিন্ন পণ্যের কাঁচামাল ও উৎপাদন করা খাদ্যপণ্য ছিল। আগুনে সব পুড়ে গেছে। এ ঘটনায় ১০ শ্রমিক আহত হয়েছেন। তিনি দাবি করেন, অগ্নিকাণ্ডে তাঁদের প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস বরিশাল স্টেশনের সহকারী পরিচালক পরিমল চন্দ্র কুণ্ডু বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। ঘটনার পর ফায়ার সার্ভিসের ৩৫ জন কর্মী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন। আগুন নেভাতে গিয়ে জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. আলাউদ্দিনসহ সাতজন কর্মী আহত হন। এ ঘটনা তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।