বাবুগঞ্জে বাস খাদে, চালকসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে তিনজন নিহত এবং ১০ জন যাত্রী আহত হয়েছেন। গত শনিবার দিবাগত রাতে উপজেলার রামপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন পটুয়াখালীর দশমিনা উপজেলার সুপারভাইজার ইয়াজমুল হক (৩০), চালক মাদারীপুর সদর উপজেলার রুস্তম আলী (৪০) ও তাঁর সহকারী বরিশালের গৌরনদী উপজেলার মো. রাজু (২৩)। আহত ১০ জনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও বাসযাত্রীরা জানান, শনিবার রাতে ঢাকা থেকে যাত্রী নিয়ে মেঘনা পরিবহনের ওই বাসটি পটুয়াখালীর বাউফলের উদ্দেশে যাত্রা করে। রামপট্টি এলাকায় পৌঁছালে বাসের চাকা ফেটে যায়। এ সময় চালক গাড়িটির নিয়ন্ত্রণ রাখতে পারেননি। দ্রুতগতিতে বাসটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে বরিশাল-ঢাকা মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক রুস্তম আলী নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে ইয়াজমুল হক মারা যান।
হাসপাতালে ভর্তি করার পর চালকের সহকারী রাজু মারা যান।