বরিশালের বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি এবং মুলাদী উপজেলায় বিএনপি ও আওয়ামী লীগ ‘বিদ্রোহী’ প্রার্থী নিয়ে বিপাকে পড়েছে। বাবুগঞ্জে বিএনপির দুই প্রার্থীই নিজেদের দল-সমর্থিত প্রার্থী বলে দাবি করেছেন।
বাবুগঞ্জে বিএনপির দুজন হলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান সুলতান আহম্মেদ এবং উপজেলা বিএনপির সহসভাপতি কামরুল আহসান। তবে জেলা বিএনপি কামরুল আহসানকে সমর্থন দিয়েছে। আওয়ামী লীগ থেকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালিদ হোসেন, ওয়ার্কার্স পার্টির উপজেলা কমিটির সদস্য বজলুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মিজানুর রহমান খান।
দল থেকে জানা গেছে, বাবুগঞ্জের বর্তমান চেয়ারম্যান সুলতান আহম্মেদ খান দীর্ঘদিন ধরে বিএনপির সঙ্গে জড়িত। তিনি নিজেকে দল-সমর্থিত প্রার্থী দাবি করছেন। তবে দল তাঁকে সমর্থন দেয়নি। অন্যদিকে কামরুল হাসান উপজেলা বিএনপির সহসভাপতি হিসেবে দলীয়ভাবে অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন। জেলা বিএনপিও তাঁকে দলের সমর্থন দিয়েছে। তাঁর পক্ষে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সেলিমা রহমান এবং জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক বাবুগঞ্জ এলাকায় ব্যাপক গণসংযোগও করেন। একইভাবে তাঁরা মুলাদীতেও দলীয় প্রার্থী ছত্তার খানের পক্ষে গণসংযোগ করছেন।
বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা জানান, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সেলিমা রহমান এবং বিএনপির চেয়ারপারসনের আইন উপদেষ্টা জয়নুল আবেদীনের কোন্দলের জের ধরেই বাবুগঞ্জে বিএনপি থেকে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনয়নের ভোটার যোগেন দাস বলেন, বাবুগঞ্জে একাধিক প্রার্থী থাকায় বিএনপি সমস্যায় রয়েছে। তবে একক প্রার্থী থাকার পরও আওয়ামী লীগের অবস্থান শক্ত নয়। এখানে ওয়ার্কার্স পার্টির বজলুর রহমানের প্রতি জাতীয় পার্টির সমর্থন রয়েছে। পাশাপাশি ইসলামী আন্দোলনের পক্ষে নির্বাচন করছেন মিজানুর রহমান খান।
মুলাদী উপজেলায় আওয়ামী লীগ থেকে উপজেলা কমিটির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম এবং সহসভাপতি আবদুল মালেক মিয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি থেকে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আবদুস ছত্তার খান ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি বেলাল হোসেন ফকির প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলা বিএনপি ছত্তার থানকে সমর্থন দিয়েছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সেলিমা রহমান এবং জেলা কমিটির সভাপতি এবায়দুল হক বলেন, বাবুগঞ্জে কামরুল আহসান এবং মুলাদীতে আবদুস ছত্তার খান দলের একক প্রার্থী। এখানে অন্য যাঁরা রয়েছেন, তাঁরা বিএনপির কোনো পদে নেই। তাঁরা বিএনপির প্রার্থীও নন।