বাবুগঞ্জে বিএনপির ৩৭ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র
বরিশালের বাবুগঞ্জে নাশকতার মামলায় উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৩৭ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল হালিম ৯ নভেম্বর অভিযোগপত্র দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০-দলীয় জোটের ডাকা অবরোধের সমর্থনে গত ৮ জানুয়ারি বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর সেতু এলাকায় যাত্রীবাহী গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। এ ঘটনায় ৯ জানুয়ারি বিশেষ ক্ষমতা আইনে বিএনপির ৩২ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়।
বিমানবন্দর থানার এসআই মনিরুল ইসলাম বাদী হয়ে ওই মামলা করেন। মামলায় অজ্ঞাত আসামি ছিলেন ১৫ থেকে ২০ জন। তদন্ত শেষে উপজেলা বিএনপির সভাপতি ইসরাত হোসেন, সাধারণ সম্পাদক অহিদুল ইসলামসহ ৩৭ নেতা-কর্মীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম বলেন, বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া একটি মামলায় আদালতে কয়েক দিন আগে অভিযোগপত্র দেওয়া হয়েছে।