খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া নতুন বাজারে গত রোববার দুপুরে অগ্নিকাণ্ডে দেড় শতাধিক দোকান পুড়ে গেছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো বাজার। ক্ষয়ক্ষতির পরিমাণ দুই কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, বেলা সোয়া একটায় বন্ধ থাকা একটি চায়ের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন ধরে যায়। কিছুক্ষণের মধ্যে আগুন পুরো বাজারে ছড়িয়ে পড়ে। খাগড়াছড়ি জেলা সদর থেকে ফায়ার সার্ভিস আসার আগেই বাজারটি সম্পূর্ণ পুড়ে যায়। বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও বাবুছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পরিতোষ চাকমা জানান, আগুন থেকে বাজারের একটি দোকানও রক্ষা পায়নি। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পুরো বাজার পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা হলুদ, চালসহ বিভিন্ন পণ্যের বস্তার স্তূপের ওপর পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। পুড়ে যাওয়া ক্যাশবাক্স সামনে নিয়ে বাজারের এক পাশে বসে আছেন মংচিথোয়াই রাখাইন নামের এক ব্যবসায়ী। তিনি জানালেন, আগুনে তিনি নিঃস্ব হয়েছেন। দুই লাখ টাকার বেশি ওই বাক্সে ছিল। এ ছাড়া দোকানের কাপড়, হলুদসহ নানা জিনিস পুড়ে তাঁর ক্ষতি হয়েছে ২৫ লাখ টাকার বেশি। মংচিথোয়াই জানান, তিনি কিছুই বাঁচাতে পারেনি।আরেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দয়াসেন চাকমা পুড়ে যাওয়া চালের স্তূপ সরাতে সরাতে বলেন, আগুনে তাঁর পাঁচ লাখ টাকার চাল পুড়ে গেছে। গত শনিবারও তিনি বিক্রির জন্য ১৫০ বস্তা চাল এনে দোকানে রেখেছিলেন। বাজারের ব্যবসায়ী জ্যোতি চাকমা বলেন, ‘আমার মুদিমালের দোকান আগুনে সব শেষ। শুধু পরনের কাপড়টি নিয়ে বের হতে পেরেছি। একা মানুষ, আর কীই-বা রক্ষা করতে পারতাম। তাই আগুনে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান পুরে যাওয়ার দৃশ্যটি দেখতে পারা ছাড়া কিছুই করতে পারিনি।’ ওষুধের দোকানদার মনু বিকাশ চাকমা বলেন, ‘নিজে বাঁচা ছাড়া দোকানের কিছু বাঁচাতে পারিনি। আগুন লাগার এক ঘণ্টার মধ্যে সম্পূর্ণ বাজার ধ্বংসস্তূপে পরিণত হয়।’ খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা হুমায়ুন কার্নায়েন বলেন, ‘আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা রওনা হয়েছি। কিন্তু এসে দেখি সম্পূর্ণ বাজারই পুড়ে গেছে।’ তিনি বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।