বাবুডাইং আদিবাসী পাঠশালায় মিড ডে মিল চালু

মিড ডে মিলের পরীক্ষামূলক কার্যক্রমের অংশ হিসেবে আজ বুধবার প্রথম আলো ট্রাস্ট পরিচালিত রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালার শিক্ষার্থীদের মধ্যে দুপুরের খাবার পরিবেশন করা হয়। শিক্ষার্থীদের বাড়ি থেকে দেওয়া চাল ও বিদ্যালয়ের শুভানুধ্যায়ী এক ব্যাংক কর্মকর্তার পরিবারের আর্থিক সহায়তায় এ খাবার পরিবেশন করা হয়।
এ উপলক্ষে শিক্ষার্থীদের বাড়ি থেকে ২৫০ গ্রাম করে চাল তোলা হয়। সেই চাল দিয়ে রান্না হয় ভাত। অন্যদিকে ডিম-আলুর তরকারির খরচ দেন ওই ব্যাংক কর্মকর্তার পরিবার। সকাল থেকেই চলে রান্নার আয়োজন। এতে শিক্ষার্থীরাও সোৎসাহে যোগ দেয়। একদিকে চলে শিক্ষার্থীদের পড়াশোনা, অন্যদিকে চলে রান্নাবান্নার কাজ। রান্নার কাজ করেন শিক্ষকেরাই। দুপুরে সব শিক্ষার্থীকে খাবার পরিবেশন করা হয়। এ সময় উপস্থিত থেকে কার্যক্রমে সহায়তা করেন গ্রামের মোড়ল ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরাও।
এ সময় কথা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানাই চন্দ্র দাসের সঙ্গে। তিনি বলেন, এ বিদ্যালয়ে পড়ুয়া সব শিক্ষার্থী গরিব পরিবারের। এদের মধ্যে অতি গরিবও আছে কিছু। অনেকেই না খেয়ে বিদ্যালয়ে আসে।
গ্রামের মোড়ল দেবেন কোল হাসদা বলেন, ‘স্কুলের গরিব ছেলেমেয়েরা লেখাপড়ায় মনোযোগও দিতে পারে না ভালোভাবে। আবার কেউ কেউ আসেও না। আমরা যদি তাদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করতে পারতাম, তবে তাদের উপস্থিতি যেমন বাড়ত এবং নিয়মিত হতো। পড়ালেখাতেও মনোযোগী হতো।