বাবুডাইং আদিবাসী বিদ্যালয়ে হয়ে গেল 'সুরিম ক্যাম্প'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আদিবাসী বিদ্যালয়ে স্কাউট ক্যাম্পে দুদিনব্যাপী প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষার্থীরা চলেছে ‘রক ক্লাইম্বিং’ চ্যালেঞ্জ অভিযানে l ছবি: প্রথম আলো
প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আদিবাসী বিদ্যালয়ে স্কাউট ক্যাম্পে দুদিনব্যাপী প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষার্থীরা চলেছে ‘রক ক্লাইম্বিং’ চ্যালেঞ্জ অভিযানে l ছবি: প্রথম আলো

‘মাজা জুই লা-অৎতে স্কাউটিং’ অর্থাৎ ‘সুন্দর জীবনের জন্য স্কাউটিং’ স্লোগানকে সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অবস্থিত প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আদিবাসী বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গত বৃহস্পতি ও শুক্রবার দুই দিনব্যাপী হয়ে গেল সুরিম ক্যাম্প অর্থাৎ সূচনা ক্যাম্প।
শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে আনন্দদায়ক পরিবেশে হাতেকলমে শিক্ষা প্রদানের লক্ষ্যে এ ক্যাম্পের আয়োজন করা হয়। বাবুডাইং আদিবাসী বিদ্যালয় আয়োজিত এ অনুষ্ঠানে সহযোগিতা করেন প্রাক্তন ও বর্তমান রোভার সদস্যরা। তাঁরা সবাই প্রথম আলো চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সদস্য। সঙ্গে ছিলেন বন্ধুসভার আরও কয়েকজন।
বৃহস্পতিবার সন্ধ্যায় মহাতাবু জলসা অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা চলে রাত ১০টা পর্যন্ত। এতে প্রতিটি উপদল দুটি করে বিষয় উপস্থাপন করে। আনন্দ-উচ্ছ্বাস নিয়ে এ অনুষ্ঠান উপভোগ করে বাবুডাইংসহ পাশের দুটি গ্রামের বাসিন্দারা।
দুদিনে চারটি সেশনে মোট ১২টি ‘চ্যালেঞ্জ’-এ অংশগ্রহণ করে শিক্ষার্থীরা। তাদের তিনটি উপদলে ভাগ করে এ প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতিটি দলে একজন শিক্ষক ও একজন রোভার সদস্য নেতৃত্ব দেন। প্রশিক্ষণে শিক্ষার্থীদের হাতেকলমে শিক্ষা দেওয়া হয়।
বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় প্রথমবারের মতো প্রশিক্ষণার্থী ছাত্রছাত্রীদের এসব কসরত দেখতে ভিড় জমায় গ্রামের নারী-পুরুষ ও শিশুরা। আনন্দে মেতে ওঠে সবাই। প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে গ্রামের মোড়ল কার্তিক কোল টুডু বলেন, ‘ইসকুলটা ছিল বোলে এগল্যা হামরা জীবনে পোরথম দেখলাম। হামাদের ব্যাটা-বেটিরা কত সুন্দর নাটক করল। দড়ি দিয়্যা সাঁকো বানাইল। আরও ম্যালা কিছু শিখল। দেখ্যা হামাদের মনটা জুড়িয়্যা গেছে। দুদিন ধইরা খুব আনন্দ হইল। এগল্যা জানি আবার হয়।’