বাবুডাইংয়ে সন্ত্রাসীরা সক্রিয় প্রতিবাদ করায় তরুণ খুন
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পর্যটনকেন্দ্র বাবুডাইংয়ে দীর্ঘদিন ধরে একটি সন্ত্রাসী চক্র অপকর্ম চালিয়ে আসছে। প্রতিবাদ করায় স্থানীয় বাসিন্দারা সন্ত্রাসীদের হামলার শিকার হচ্ছেন। সর্বশেষ ১৩ এপ্রিল হোসেনডাঙ্গা গ্রামের রিপন আলী (২২) সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ও ১৭ এপ্রিল হাসপাতালে মৃত্যুবরণ করেন।সন্ত্রাসীদের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্বদানকারী ঝিলিম ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও হোসেনডাঙ্গা গ্রামের বাসিন্দা মনিরুল ইসলাম বলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগর, ভূতপুকুর, গনকা ও উসকাঠিপাড়ার ১৫-২০ জন চিহ্নিত সন্ত্রাসী দীর্ঘদিন ধরে বাবুডাইংয়ে পর্যটকদের সোনার গয়না, টাকা ও মুঠোফোন ছিনতাই করে আসছে। বাবুডাইংসংলগ্ন বিলবৈলঠ্যা গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম জানান, লোকলজ্জার ভয়ে সন্ত্রাসীদের শ্লীলতাহানি ও ধর্ষণের শিকার মেয়েরা ঘটনা প্রকাশ করেন না। ১৫ দিন আগে রাতের বেলায় বিলবৈলঠ্যা আদিবাসী গ্রামের একটি বিয়েবাড়িতে মাতাল হয়ে নয়জন সন্ত্রাসী হামলা চালায়। এ সময় বিল বৈলঠ্যাসহ আশপাশের গ্রামের মানুষজন তিনজনকে ধরে পুলিশে সোপর্দ করেন। এর জের ধরে সন্ত্রাসীরা গ্রামগুলো থেকে আসা মানুষদের শহরে পেলেই মারধর করে। অতিষ্ঠ হয়ে হোসেনডাঙ্গা, বড়পুকুরিয়া, বৈলঠ্যা, বিলবৈলঠ্যা, চাতরা, চট্টিগ্রাম ও পুলপাড়ার শত শত মানুষ সন্ত্রাসীদের বিরুদ্ধে রাস্তায় নামে। তারা দুই দিন লাঠি হাতে আলীনগর হয়ে শহরে গিয়ে প্রতিবাদ সমাবেশ করার চেষ্টা করে।১২ এপ্রিল রাতে আলীনগর-ভূতপুকুর এলাকার আজিজুল ও নাসির নামে দুজনকে বোমাসহ ধরে এলাকাবাসী পুলিশের হাতে তুলে দেন। এর প্রতিশোধ হিসেবে সন্ত্রাসীরা ১৩ এপ্রিল দুপুরে স্টেশন এলাকায় পেয়ে রিপন আলী ও তাঁর বড় ভাই মিলন আলীকে মারধর করেন। মিলন আলী পালিয়ে যেতে সক্ষম হলেও সন্ত্রাসীরা রিপনকে ধরে বেধড়ক পিটিয়ে আহত করে। ১৭ এপ্রিল বিকেলে তিনি মারা যান।সদর থানার ওসি এনায়েত উদ্দীন বলেন, অতিষ্ঠ হয়েই মানুষ রাস্তায় নেমেছে। বিভিন্ন মামলায় সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু আদালত থেকে জামিন পেয়ে তারা আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়েছে।