বাবুনগরীকে দেখতে হাসপাতালে আহমদ শফী
হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী গতকাল বুধবার সন্ধ্যায় নগরের সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন সংগঠনের মহাসচিব জুনায়েদ বাবুনগরীকে দেখতে যান। তিনি অসুস্থ বাবুনগরীর চিকিৎসার খোঁজখবর নেন এবং তাঁর রোগমুক্তি কামনা করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আহমদ শফীর ব্যক্তিগত সচিব শফিউল আলম, আহমাদ মাদানী, আশরাফ আলী নিজামপুরী প্রমুখ।
আহমদ শফী উপস্থিত সংবাদিকদের বলেন, ‘যাঁরা মনে করছেন হেফাজত দুর্বল হয়ে পড়েছে, তাঁরা সম্পূর্ণ ভুলের মধ্যে আছেন। হেফাজত কখনো দুর্বল হয় নাই। হেফাজতের তৎপরতা আছে এবং থাকবে। হেফাজতে ইসলাম হচ্ছে সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংগঠন। যখনই ইমান-আকিদার ওপর আঘাত আসবে, হেফাজত তখনই তৎপর হয়ে উঠবে।’
বাবুনগরীকে গত মঙ্গলবার ভোরে সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে তাঁকে ঢাকার বারডেম হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সযোগে চট্টগ্রামে আনা হয়। বর্তমানে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন।
হেফাজতে ইসলামের ৫ মে ঢাকা অবরোধ কর্মসূচির পরদিন পুলিশ বাবুনগরীকে ঢাকা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে ঢাকার বারডেম হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সেখানে তাঁর ডান পায়ে অস্ত্রোপচার করা হয়।