বাবুনগরীর অবস্থার সামান্য উন্নতি, তবে ঝুঁকিমুক্ত নয়

রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরীর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তাঁর অবস্থা ঝুঁকিমুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজতে রিমান্ডে থাকা অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত সোমবার রাতে জুনায়েদ বাবুনগরীকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। তিনি উচ্চমাত্রায় ডায়াবেটিস, হাঁটুতে আঘাতজনিত মারাত্মক ক্ষত ও কিডনির জটিল সমস্যায় আক্রান্ত বলে হাসপাতাল সূত্র জানায়। এ অবস্থায় বুধবার খুব দ্রুততার সঙ্গে জামিনের ব্যবস্থা করিয়ে তাঁকে মুক্তি দেওয়া হয়।
মুক্তির পর পুলিশের পাহারা তুলে নেওয়া হলেও গতকাল হাসপাতালে সাদা পোশাকের বিভিন্ন সংস্থার সদস্যদের কড়াকড়ি আরোপ করতে দেখা যায়। তাঁরা বাবুনগরীর স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গণমাধ্যমের কর্মীদের আইসিইউর ভেতরে ঢুকতে দেননি। বিকেল সোয়া চারটার দিকে ওয়াকিটকি হাতে এসবির একজন কর্মকর্তাকে আইসিইউতে ঢুকতে দেখা যায়।
গণমাধ্যমকর্মীরা বাবুনগরীর শারীরিক অবস্থা জানতে আইসিইউর সামনে ভিড় জমালে বেলা দুইটার দিকে বারডেম হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের চিকিৎসক এ এস এম আরিফ আহসান বলেন, জুনায়েদ বাবুনগরী পড়ে গিয়ে হাঁটুতে ব্যথা পেয়েছেন। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে সেখানে সংক্রমণ হয় এবং পুঁজ জমে। তা বের করা হয়েছে। এ ছাড়া তাঁর কিডনিতে জটিল সমস্যা আছে। এ কারণে ডায়ালাইসিস করতে হচ্ছে।
পরে জানতে চাইলে আরিফ আহসান প্রথম আলোকে বলেন, ‘জুনায়েদ বাবুনগরীর এখন মূল সমস্যা হচ্ছে কিডনি। তা ছাড়া, শরীরে পটাশিয়ামের পরিমাণও বেশি। সব মিলিয়ে এখনো তাঁকে ঝুঁকিমুক্ত বলা যাচ্ছে না। আমরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছি।’
হাসপাতালের দায়িত্বশীল একটি সূত্র জানায়, বাবুনগরীর চিকিৎসায় গত বুধবার বারডেম হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে ১০ সদস্যের একটি বোর্ড গঠন করা হয়। শারীরিক অবস্থা দেখে আগামী শনিবার আরেকটি বোর্ড গঠন করা হতে পারে বলে ওই সূত্র জানিয়েছে।
জুনায়েদ বাবুনগরীর মেয়েজামাই মোহাম্মদ আবদুল্লাহ গতকাল সন্ধ্যায় জানান, সারা দিনে দুবার শ্বশুরকে দেখতে পেরেছেন তিনি। এ সময় তাঁর সঙ্গে সামান্য কথা হয়েছে। বুধবারের তুলনায় গতকাল তাঁকে ভালো মনে হয়েছে বলে জানান আবদুল্লাহ।