হেফাজতে ইসলাম বলেছে, সরকারের মন্ত্রী-সাংসদ এবং দায়িত্বশীল নেতারা হেফাজতে ইসলামের আন্দোলন সম্পর্কে এত দিন যেসব কথা বলেছেন এবং সরকারি প্রেসনোটে যে বক্তব্য ও ভাষা ব্যবহার করা হয়েছে, মাওলানা জুনায়েদ বাবুনগরীর জবানবন্দিতে তারই প্রতিচ্ছবি ভেসে উঠেছে—যা জনগণকে বিশ্বাস করানো কঠিন।গতকাল বুধবার এক যৌথ বিবৃতিতে সংগঠনের ঢাকা মহানগর কমিটি নেতারা এ কথা বলেন।ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি গতকাল বুধবার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে নেতারা কথাগুলো বলেন।প্রসঙ্গত, ৫ মের সহিংসতার বিষয়ে আদালতের জবানবন্দিতে বাবুনগরী বলেন, ছাত্রদল, যুবদল ও জামায়াত-শিবিরের কর্মীরা সহিংসতা ঘটান। হেফাজতের কিছু কর্মীও এতে অংশ নেন। আর আর্থিক সহায়তা দিয়েছে ১৮ দল। পুলিশ ও আদালত সূত্রের বরাত দিয়ে গতকাল বিভিন্ন গণমাধ্যমে বাবুনগরীর এ জবানবন্দি ছাপা হয়।হেফাজতের বিবৃতিতে দাবি করা হয়, হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী, মহাসচিব জুনায়েদ বাবুনগরীসহ শীর্ষ পর্যায়ের নেতারা শুরু থেকেই বলেছেন, ১৩ দফার বাইরে হেফাজতের কোনো রাজনৈতিক অভিলাষ নেই। বিএনপি, জামায়াতে ইসলামী বা ১৮-দলীয় জোটের কারও সঙ্গে এর কোনো সম্পৃক্ততা নেই। তাই এ আন্দোলনে কোনো গোষ্ঠীর অর্থের যোগান বা লেনদেনের প্রশ্নই ওঠে না। নেতারা বলেন, ‘তদুপরি জুনায়েদ বাবুনগরীর মুখ দিয়ে যদি এ ধরনের কোনো তথ্য বের হয়েও থাকে, তাহলে তা সম্পূর্ণই জবরদস্তিমূলক জবানবন্দি বলেই আমরা মনে করি।’বিবৃতিতে বলা হয়, রিমান্ডে নিয়ে নির্যাতন চালানোর কারণে জুনায়েদ বাবুনগরী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। এখন তাঁর চিকিৎসা প্রয়োজন। কিন্তু সরকারের শেখানো ও সাজানো স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায়ের জন্য তাঁর ওপর মারাত্মক চাপ প্রয়োগ করা হচ্ছে। এ অকল্পনীয় মানসিক যাতনা সহ্য করা তাঁর পক্ষে অসম্ভব হয়ে পড়ছে। কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে এ ধরনের ভয়াবহ নির্যাতন কল্পনাও করা যায় না।বিবৃতিতে আরও বলা হয়, কোনো ধরনের জ্বালাওপোড়াও, ভাঙচুুর, অগ্নিসংযোগ, হত্যা ও সহিংসতার সঙ্গে হেফাজতের ন্যূনতম সম্পর্কও নেই। যারা কোরআনের বাণী মানুষকে শোনায়, কোরআনের সম্মান রক্ষায় জীবন উৎসর্গ করে, তাদের বিরুদ্ধে কোরআন পোড়ানোর অভিযোগ নিষ্ঠুর পরিহাস। ক্ষমতার দাপটে নির্যাতন চালিয়ে কোনো সত্যকে চেপে রাখা যায় না। ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে কী ঘটেছিল? কত প্রাণহানি হয়েছিল? কার ভূমিকা কত পৈশাচিক ছিল, তা অচিরেই জনসম্মুখে উন্মোচিত হবে।