বাবুনগরীর জবানবন্দির কথা বলে অপপ্রচার চালানো হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরীর স্বীকারোক্তিমূলক জবানবন্দির কথা বলে জামায়াত-শিবির ও ১৮-দলীয় জোটকে জড়িয়ে সরকার এবং সরকার সমর্থক কিছু গণমাধ্যম পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। গতকাল শুক্রবার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এ অভিযোগ করেন। বিবৃতিতে হেফাজতের সঙ্গে অর্থের লেনদেন, ৫ মে রাজধানীতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ত থাকার কথা অস্বীকার করে বলা হয়, কোনো ধরনের ছলচাতুরী করে ক্ষমতায় যাওয়ার অবাস্তব ও অবান্তর কল্পনাবিলাসের সঙ্গে জামায়াত ও ছাত্রশিবিরের রাজনীতির কোনো সম্পর্ক নেই।বিবৃতিতে বলা হয়, সরকার জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলকে ধোঁকা দেওয়ার জন্য সংলাপ নাটক মঞ্চস্থ করেছে। তাদের একগুঁয়েমি ও দলীয় স্ট্যান্টবাজির কারণে সংলাপের কোনো সম্ভাবনা আর নেই বললেই চলে। এখন তারা গণহত্যা, গণগ্রেপ্তার ও গণনির্যাতন চালিয়ে বন্দুকের জোরে পুনরায় ক্ষমতায় আসার নীলনকশা করেছে। জনগণ তা কখনো বাস্তবায়ন হতে দেবে না।বিবৃতিতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে পুনর্বহাল, বন্ধ পত্রিকা ও টিভি চ্যানেল অবিলম্বে খুলে দেওয়া এবং সভা-সমাবেশের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে আগামীকাল রোববার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালনের আহ্বান জানানো হয়।