বাবুনগরীর মুক্তির জন্য আহমদ শফীর মোনাজাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অন্যায়-অবিচার ও হামলা-মামলায়’ সর্বোচ্চ ধৈর্যধারণ এবং হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরীর মুক্তির জন্য গতকাল শনিবার বিশেষ দোয়া পরিচালনা করেছেন সংগঠনটির আমির এবং দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক শাহ আহমদ শফী। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, শাহ আহমদ শফী বিকেল সাড়ে পাঁচটায় দোয়া ও মোনাজাত করেন। তিনি দেশের আলেম সমাজের প্রতি সব প্রতিকূলতায় ধৈর্যধারণের আহ্বান জানান।

মোনাজাতে শাহ আহমদ শফী মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়ে বলেন, ‘হে আল্লাহ! আপনি এই জাতিকে হেফাজত করুন। মাওলানা জুনায়েদ বাবুনগরীকে মিথ্যা মামলা-মোকদ্দমা থেকে মুক্ত করে আমাদের মাঝে ফিরিয়ে দিন। তাঁকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। হে আল্লাহ, আপনি গায়েবিভাবে মুসলমানদের সব সমস্যার সমাধান করুন।’ মোনাজাতে ওলামা-মাশায়েখ, মাদ্রাসাছাত্র ও তৌহিদি জনতা অংশ নেন।


হেফাজতের আটজন কারাগারে: চট্টগ্রামের
আন্দরকিল্লা জুমা মসজিদ চত্বর থেকে হেফাজতে ইসলামের আটক আটজনকে পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল আদালতে পাঠানো হয়েছে। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করেন বলে কোতোয়ালি থানার পুলিশ জানিয়েছে। গত শুক্রবার জুমার নামাজের পর আন্দরকিল্লা মসজিদ এলাকা থেকে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাঁদের আটক করে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে।