বাবুবাজার সেতুর ওপর আবার বাস ও সিএনজি স্ট্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার বাবুবাজার সেতুর ওপর অবৈধ বাস ও সিএসজিচালিত অটোরিকশা স্ট্যান্ড৷ এই স্ট্যান্ডের কারণে দিনভর সেতুতে যানজট লেগে থাকে l ছবি: প্রথম আলো
পুরান ঢাকার বাবুবাজার সেতুর ওপর অবৈধ বাস ও সিএসজিচালিত অটোরিকশা স্ট্যান্ড৷ এই স্ট্যান্ডের কারণে দিনভর সেতুতে যানজট লেগে থাকে l ছবি: প্রথম আলো

পুরান ঢাকার বাবুবাজার সেতুর ওপর আবারও অবৈধ বাস ও সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড গড়ে উঠেছে। ফলে সেতুর ওপর থেকে রায়সাহেব বাজার মোড় পর্যন্ত দিনভর লেগে থাকে তীব্র যানজট।
গত বছর এই সেতু পরিদর্শনে এসে বাস ও অটোরিকশা স্ট্যান্ডটি উচ্ছেদের নির্দেশ দিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উচ্ছেদের এক মাসের মাথায় আবার সেতুতে স্ট্যান্ড গড়ে ওঠে।
যাত্রীদের অভিযোগ, সেতুতে অটোরিকশা স্ট্যান্ডের কারণে কেরানীগঞ্জ ও দেশের দক্ষিণাঞ্চলের যাত্রীদের প্রতিদিন এই যানজটের দুর্ভোগ পোহাতে হয়। অবিলম্বে সেতু থেকে স্ট্যান্ডটি সরানো দরকার।
গত রোববার সরেজমিনে দেখা যায়, সেতুর ওপর সিএনজিচালিত অটোরিকশা ও দেশের দক্ষিণাঞ্চলের অনেক বাস এলোমেলোভাবে দাঁড়ানো। এতে রায়সাহেব বাজার মোড় থেকে সেতুর প্রায় মাঝ-বরাবর পর্যন্ত যানজট লেগে আছে। স্ট্যান্ড থেকে সিএনজি ও বাসে যাতায়াত করছে যাত্রীরা। স্ট্যান্ড অংশে সেতু থেকে বাবুবাজারে ওঠা-নামায় রয়েছে পৃথক দুটি সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে চলাচল করছে পথচারীরা।
গুলিস্তান থেকে বাসে করে কেরানীগঞ্জে যাচ্ছিলেন স্থানীয় বাসিন্দা নাজিম উদ্দিন। তিনি বলেন, ব্যবসার কাজে প্রতিদিনই বাসে গুলিস্তান যাতায়াত করেন তিনি। কিন্তু সেতুতে স্ট্যান্ড থাকায় প্রায় প্রতিদিনই যানজটে পড়তে হয়। বিভিন্ন সময় ঘটে দুর্ঘটনা। তবে সিঁড়ি দুটি দিয়ে খুব সহজেই বাবুবাজার থেকে কেরানীগঞ্জে হেঁটে চলাচল করা যায়।
স্থানীয় বাসিন্দা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সূত্র জানায়, গত বছরের অক্টোবরে এই এলাকা পরিদর্শনে আসেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের৷ এ সময় মন্ত্রী সেতুর ওপর যানজট ও স্ট্যান্ড দেখে স্ট্যান্ডটি উচ্ছেদ এবং সিঁড়ি দুটি বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন৷ তারপরই সেতুতে ওঠা-নামার সিঁড়িটি বন্ধ করে দেওয়া হয়৷ এ ছাড়া ওই দিনই সড়ক থেকে স্ট্যান্ড উচ্ছেদ করা হয়৷ কিন্তু এক মাসের মাথায় আবার সেতুতে স্ট্যান্ড গড়ে ওঠে৷ দুই মাসের মাথায় সিঁড়িটি আবার খুলে দেওয়া হয়। এই এলাকাটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩২ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত৷
জানতে চাইলে ডিএসসিসির ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিল্লাল শাহ প্রথম আলোকে বলেন, সেতুর ওই অংশে অবৈধ বাস ও সিএনজি স্ট্যান্ড গড়ে ওঠায় সিঁড়ি দুটি বন্ধ করে দেওয়া হয়েছিল৷ এতে কেরানীগঞ্জ থেকে বাবুবাজারে চলাচলে পথচারীদের অনেক দুর্ভোগ হয়েছিল৷ পরে আবার তা খুলে দেওয়া হয়৷ এখন এই সিড়িকে কেন্দ্র করে স্ট্যান্ড গড়ে ওঠায় সেতুতে যানজটের সৃষ্টি হচ্ছে। সেতুর ওপর যাতে অবৈধভাবে বাস ও অটো দাঁড়াতে না পারে, তা দেখার দায়িত্ব পুলিশের, কিন্তু তারা সে দায়িত্ব পালন করছে না।